শতাধিক বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
অনুপ্রবেশের অভিযোগে ১০১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (৫ সেপ্টেম্বর) ওমনি এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে দেশে ফেরত পাঠানো হয় তাদেরকে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানবন্দরে সকল আনুষ্ঠানিকতা শেষে একে একে প্লাস্টিকের বস্তার ভেতরে কিছু জিনিসপত্র নিয়ে বের হতে থাকেন তারা। প্রতিটি বস্তার গায়ে কর্মীর নাম ও ট্রাভেল পাস নম্বর লেখা ছিল।
ফেরত আসা কর্মীরা জনপ্রতি ২৫ থেকে ৩০ লাখ টাকা খরচ করে বিভিন্ন দেশ হয়ে পৌঁছান আমেরিকাতে। কিন্তু সেখানে অবৈধ অনুপ্রবেশের দায়ে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির হাতে গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে ডিপোর্টেশন ক্যাম্পে থাকার পর একটি বিশেষ বিমানে তাদের ফেরত পাঠানো হয়।