মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবেশের বিধিনিষেধ শিথিল

বাংলাদেশসহ ২৩টি দেশের নাগরিকদের ওপর আরোপিত ‘প্রবেশ নিষেধাজ্ঞা’ শিথিল করলো মালয়েশিয়া। বৃহস্পতিবার বিকেলে দেশটি জানিয়েছে, অভিবাসন বিভাগের অনুমতি নিয়ে প্রবাসী এবং পেশাদার পাসকার্ডধারীরা ঢুকতে পারবেন।
মালয়েশিয়ার সুরক্ষা ও প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকব জানিয়েছেন, মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ মাসের শুরুতে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে করোনাভাইরাসের কারণে ২৩টি দেশ থেকে প্রবেশ নিধেষাজ্ঞা জারি করা হয়। ৭ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, রাশিয়া, পেরু, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, স্পেন, আর্জেন্টিনা, চিলি, ইরান, যুক্তরাজ্য, সৌদি আরব, পাকিস্তান, ফ্রান্স, তুরস্ক, ইতালি, জার্মানি, ইরাক, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া থেকে প্রবেশ নিষেধাজ্ঞা কার্যকর করার ঘোষণা দেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুসারে মালয়েশিয়ায় স্থায়ী আবাসিকতার অনুমতিপ্রাপ্ত এবং দেশটির নাগরিকদের স্বামী বা স্ত্রীদেরও প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে তারা দেশটিতে প্রবেশ করতে পারলেও এখনই সেখান থেকে বের হতে পারবেন না। এছাড়াও বিভিন্ন দেশের যেসব শিক্ষার্থী পাসধারী আক্রান্ত হয়েছে তারাও নতুন সিদ্ধান্ত অনুযায়ী মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি পাবেন।
মালয়েশিয়ার সুরক্ষা ও প্রতিরক্ষামন্ত্রী বলেন, উল্লেখিত সব ধরণের ক্যাটাগরির মানুষদের প্রবেশের আগে অবশ্যই অভিবাসন বিভাগের অনুমতি নিতে হবে। তবে অভিবাসন বিভাগ নতুন শিক্ষার্থীদের পাস অনুমোদন করবেন না বলে জানান তিনি।