ইতালির বিমানবন্দরে দ্রুত করোনার ফলাফল
ইতালিতে দ্রুত সময়ের মধ্যে করোনাভাইরাস পরীক্ষার জন্য নতুন একধরনের কীট আবিষ্কার করেছে দেশটির একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। নতুন এ কিটের মাধ্যমে নমুনা সংগ্রহের পর মাত্র ৩ মিনিটের মধ্যে ফলাফল জানা যাবে বলে দাবি গবেষকদের।
শনিবার দেশটির গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত সময়ের মধ্যে করোনাভাইরাস পরীক্ষার ফলাফল জানাতে সক্ষম এমন এক ধরনের কিট আবিষ্কার করেছে ইতালীয় গবেষকেরা।
সম্পূর্ণ ‘মেড ইন ইতালি’ খ্যাত এ কিটটি অনুমতি মিললে খুব দ্রুত সময়ের মধ্যেই বাজারে আনা হবে বলে জানায় প্রস্ততকারক প্রতিষ্ঠান লোম্বারদিয়ার ‘ডেইলি তাম্পন’।
বর্তমানে ইতালির বিমানবন্দরগুলোতে ব্যবহৃত কিটে করোনাভাইরাস পরীক্ষা ফলাফল জানতে সময় লাগে প্রায় ২৫ থেকে ৩০ মিনিট। যদি দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় এই কিটের অনুমোদন দেয় তাহলে বিমানবন্দরে করোনা পরীক্ষার ফলাফল জানতে সময় লাগবে মাত্র ৩ মিনিট। এতে বাংলাদেশসহ ১৬টি দেশ থেকে ইতালির ফ্লাইট নিষেধাজ্ঞা দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে।