
মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন সৌদি আরবে বন্ধ থাকা পবিত্র ওমরাহ অবশেষে সীমিত পরিসরে চালু হচ্ছে। তবে প্রথমেই সৌদি আরবে বসবাসকারীরা নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে ওমরাহ পালনের অনুমতি পাবেন। এরপর ধীরে ধীরে বিদেশিরাও সুযোগ পাবেন। তবে সেটাও হবে সীমিত পরিসরে এবং সীমিত সংখ্যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির হারামাইন শরিফাইন সূত্র।
এদিকে দেশটির প্রভাবশালী ইংরেজি দৈনিক সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয়দের নির্দিষ্ট প্রক্রিয়া মেনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় করোনা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে। পারমিট ও ভিজিট ভিসাধারীরা এই সুযোগ পাবেন।
সৌদি সরকার আরো জানিয়েছে, গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) সদস্যভুক্ত দেশের (কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব) নাগরিকরা ১৫ সেপ্টেম্বর থেকে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের ভ্রমণের ৪৮ ঘণ্টার মধ্যে করোনাভাইরাস পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। এসব দেশের এক্সিট এবং রি-এন্ট্রি ভিসা, ওয়ার্ক ভিসা, রেসিডেন্স পারমিট ও ভিজিট ভিসাধারীরা এই সুযোগ পাবেন।
২০২১ সালের ১ জানুয়ারির পর সৌদি আরব নাগরিকদের জন্য জল, স্থল ও বিমানপথে চলাচলে ভ্রমণ নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করবে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মার্চ থেকে সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করে সৌদি আরব।