২০ সেপ্টেম্বর থেকে সৌদিতে বিমানের নিয়মিত ফ্লাইট

করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ২০ সেপ্টেম্বর ঢাকা থেকে সৌদি আরবে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ২০ সেপ্টেম্বর ঢাকা-জেদ্দা-চট্টগ্রাম রুটের ফ্লাইট চালু হবে। এই ফ্লাইট সপ্তাহে একদিন (রোববার) সৌদি যাবে। ২১ সেপ্টেম্বর থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে ফ্লাইট চলবে। এছাড়া ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে আগামী ২১ তারিখ থেকে প্রতি সোম, বৃহস্পতি ও শনিবার ফ্লাইট চলবে।
ঢাকা-জেদ্দা-ঢাকা রুটের ফ্লাইট আগামী ২৪ তারিখ থেকে শুরু হবে। চলবে সপ্তাহে একদিন- বৃহস্পতিবার বলে জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
যাত্রীদের উদ্দেশে বিমান জানায়, ফ্লাইটে যাওয়ার আগে যাত্রীদের একটি নির্দিষ্ট ওয়েবসাইটের লিংকে (www.absher.sa/portal/landing.html) গিয়ে ভিসার মেয়াদ চেক করতে হবে।
বাংলাদেশ সরকার নির্ধারিত ল্যাব থেকে যাত্রার ৪৮ ঘণ্টা আগে করোনা টেস্ট করিয়ে ৬ কপি ‘করোনা নেগেটিভ’ সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে।
কোভিড-১৯ কালে সৌদি আরব ভ্রমণে কারা যেতে পারবেন এবং ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com এ পাওয়া যাবে।