বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি সৌদি
শর্ত সাপেক্ষে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছিল সৌদি আরব। সে অনুযায়ী সৌদিগামী যাত্রীদের নিয়ে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে, সৌদি কর্তৃপক্ষ এখনো ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিমান কর্তৃপক্ষ।
এতে বলা হয়, সৌদি কর্তৃপক্ষ শর্তসাপেক্ষে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছিল। সে অনুযায়ী বিমান ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেয়। কিন্তু সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি। দেশটির সরকারের অনুমতি পাওয়ার পর বিমান ফ্লাইট পরিচালনা করবে। সৌদি গমনেচ্ছুদের যাত্রার তারিখ ও সময় যথাসময়ে অবহিত করা হবে।
বিস্তারিত তথ্য বিমান ওয়েবসাইট www.biman-airlines.com অথবা কল সেন্টারে ০১৭৭৭৭১৫৬১৩-১৬ যোগাযোগ করে জানা যাবে।