মরিশাসে পৌঁছেছে বাংলাদেশের সহায়তা সামগ্রী

ভারত মহাসাগরীয় দ্বীপ, মরিশাসের উপকূলে জাপানের একটি তেলবাহী ট্যাংকার, প্রবাল প্রাচীরে আটকা পড়লে, জাহাজ থেকে বহু টন তেল নিঃসরিত হয়ে সমুদ্রের পানিতে তেলের আবরণ সৃষ্টি করে। মরিশাস সরকার এ ধরনের প্রাকৃতিক বিপর্যয় হতে দ্রুত উত্তেরণের লক্ষ্যে সকল বন্ধু রাষ্ট্রের সহযোগিতা কামনা করেছে। বন্ধুপ্রতীম মরিশাসের এ দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মরিশাস সরকারকে সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মরিশাসস্থ বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৬ সেপ্টেম্বর) এমিরেইটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে এক হাজার পিস পিপিই, এক হাজার পিস হেডক্যাপ, এক হাজার পিস সু-কাভার, এক হাজার পিস সার্জিক্যাল ফেইস মাস্ক এবং খাদ্যসামগ্রী (বিস্কুট ও কেক) সহ সবমিলিয়ে ৮৫০ কেজি ওজনের ৩৯টি কার্টুন মরিশাসে পৌঁছায়।
মরিশাসস্থ বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত হাইকমিশনার রেজিনা আহমেদ মরিশাসের পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী কাভিদাস রামালো-এর নিকট বাংলাদেশ সরকারের উক্ত সহযোগিতা সামগ্রী হস্তান্তর করেন। মন্ত্রী সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ সরকারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় মরিশাসের পররাষ্ট্রমন্ত্রণালয় এবং পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ এবং মিশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৫ জুলাই জাপানের নাগাশাকি শিপিং কোম্পানির এমভি ওয়াকিশিও নামক একটি জাহাজ মরিশাসের দক্ষিণাংশে আটকে গিয়ে দুর্ঘটনায় শিকার হয়। এমভি ওয়াকিশিও জাহাজটি ৩৮৯৪ মেট্রিক টন লো-সালফার ফুয়েল ওয়েল, ২০৭ মেট্রিক টন ডিজেল এবং ৯০ মেট্রিক টন লুব্রিকেটিং তেল নিয়ে চীন হতে ব্রাজিল যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। জাহাজটি থেকে প্রায় ৩ হাজার ট্রিক টন তেল উত্তোলন করা সম্ভব হলেও বাকি তেল পানিতে ছড়িয়ে পড়ে। এতে মরিশাসের সমুদ্র সৈকতে তেলের আস্তরণ ভাসতে থাকে, যার ফলে সমুদ্রের প্রাকৃতিক পরিবেশ ও জীব-বৈচিত্রের জন্য হুমকির আশঙ্কা করা হচ্ছে। সমুদ্রে ভাসতে থাকা তেল অতি দ্রুত অপসারণ করা না গেলে মরিশাসসহ আশেপাশের বিস্তৃত অঞ্চল অর্থাৎ ব্লু-ইকোনমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবে। এরই পরিপ্রেক্ষিতে মরিশাস সরকার পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং মরিশাস সরকার এ ধরনের প্রাকৃতিক বিপর্যয় হতে দ্রুত উত্তেরণের লক্ষ্যে সকল বন্ধু রাষ্ট্রের সহযোগিতা কামনা করেছে এবং বিশ্বের বিভিন্ন দেশ তাদের সাথে একাত্বতা ঘোষণা করে পরিস্থিতি মোকাবেলা করে যাচ্ছে। বন্ধুপ্রতীম মরিশাসের এ দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মরিশাস সরকারকে এ সহায়তা প্রদান করা হলো।