ভিসা নিয়ে শঙ্কিত সৌদিগামীরা

মহামারি করোনাভাইরাসের কারণে দেশে আটকেপড়া সৌদিগামী প্রবাসীরা তাদের ভিসার (ইকামা) মেয়াদ শেষ হওয়া নিয়ে অনেকটাই শঙ্কিত। ইতোমধ্যে কারো কারো ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। কারো মেয়াদ এক সপ্তাহ পর শেষ হতে যাচ্ছে।
এমন পরিস্থিতিতে নির্ধারিত সময়ের পর যদি যেতে পারেন তাহলে ভিসার মেয়াদ আদৌ বাড়ানো হবে কি, হবে না- তা নিয়ে অনেকেই আছেন ভয় আর উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে।
এরই মধ্যে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থেকে সৌদি আরবে বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে সৌদি আরব সরকার ফ্লাইট শিডিউল না দেয়ার কথা জানিয়েছে।
এতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরবগামী শিডিউল ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েও স্থগিত করতে বাধ্য হয়েছে।
তবে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল করবে বলে সৌদিগামী যাত্রী ও এয়ারলাইন্স সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, সৌদিগামী যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৌদি কর্তৃপক্ষ শর্তসাপেক্ষে সে দেশের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছিল। সে অনুযায়ী বিমান ফ্লাইট পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছিল। কিন্তু সৌদি আরব কর্তৃপক্ষ এখন পর্যন্ত ফ্লাইট পরিচালনার অনুমতি প্রদান করেনি। সৌদি সরকারের অনুমতি পাওয়ার পর বিমান ফ্লাইট পরিচালনা করবে। সৌদি আরব গমনেচ্ছু সকল যাত্রীদেরকে যাত্রার তারিখ, সময় যথসময়ে অবহিত করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।