১ অক্টোবর থেকে সৌদি যাবে বিমান

সৌদি আরবে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১ অক্টোবর থেকে সৌদির তিনটি শহরে আটটি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য এ অনুমোদন দেয় সে দেশের সিভিল এভিয়েশন।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন সাংবাদিকদের জানান, সৌদি আরবের দেওয়া অনুমোদনে আগামী ১ অক্টোবর থেকে বিমানের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করা হবে।
তিনি বলেন, তবে আসন বরাদ্দ আরম্ভ করার আগে ল্যান্ডিং পারমিশন আবশ্যক। কিন্তু ল্যান্ডিং পারমিশন পাওয়া যায়নি। ফলে যাত্রীদের আসন বরাদ্দ আরম্ভ করার জন্য ফ্লাইট এখনই ঘোষণা করা সম্ভব হচ্ছে না। এ ছাড়া ল্যান্ডিং পারমিশন প্রাপ্তির সঙ্গে সঙ্গে ফ্লাইট ঘোষণা করা হবে এবং যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে। ফ্লাইট ঘোষণার আগে কাউন্টারে অহেতুক ভিড় না করার জন্য যাত্রীদের বিনীত অনুরোধ করেন এ কর্মকর্তা।
এর আগে গত সপ্তহে শর্ত সাপেক্ষে সৌদি আরব বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছিল। সেই অনুযায়ী বিমানও ফ্লাইট পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছিল। কিন্তু ফ্লাইট পরিচালনার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় তখন ফ্লাইট স্থগিত করার কথা জানায় সংস্থাটি।