পোর্টলুইসে জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণের দিবস পালন

জাতিসংঘের সাধারণ পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের ঐতিহাসিক বাংলায় ভাষণ প্রদানের ৪৬ তম বার্ষিকী পালন করেছে পোর্টলুইসের বাংলাদেশ হাইকমিশন। দিনটি উপলক্ষ্যে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মরিশাসের তরুণদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর মিসেস ক্রিসটিন ইউমোটনি এবং ইন্ডিয়ান ওশান রিম এসোসিয়েশন (আইওআরএ) এর সেক্রেটারি জেনারেল ড. নোমভুয়ো নন্টসিকেলেলো নকওয়ে। সভায় সভাপতিত্ব করেন হাইকমিশনার রেজিনা আহমেদ।
রেজিনা আহমেদ তার বক্তব্যে প্রথমেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। সদ্য স্বাধীন বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তিতে বঙ্গবন্ধুর অসামান্য অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধু ১৯৭৪ সালেই তার ভাষণে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, পররাষ্ট্রনীতি, দক্ষিণ এশিয়ার দেশসমূহের সাথে সম্পর্ক ও বিশ্বের সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের রূপরেখা বর্ণনা করেন। দুঃখজনকভাবে তিনি তার পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাননি। এসময় রেজিনা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার নেতৃত্বে সকল ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের সার্বিক চিত্র তুলে ধরেন।
রেজিনা তরুণদের উদ্দেশে বলেন, আমরা কেন বঙ্গবন্ধু সম্পর্কে জানার চেষ্টা করছি, কারণ তরুণ প্রজন্মই সামনের পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে। এজন্যে তাদের সামনে বঙ্গবন্ধুর মতো নেতাদের দৃষ্টান্ত পথ চলার অনুপ্রেরণা হয়ে থাকবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতিসংঘে প্রদত্ত ভাষণের উপর প্রবন্ধ উপস্থাপন করেন- লন্ডন স্কুল অব ইকোনমিক্স এন্ড পলিটিক্যাল সাইন্স হতে সদ্য গ্রাজুয়েট মরিশিয়ান নাগরিক মিজ তাহিরা জারা বোদো বেরি।
তিনি তার উপস্থাপনায় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বঙ্গবন্ধু কর্তৃক বাংলা ভাষায় বক্তব্য দেয়ার প্রেক্ষাপট এবং বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় জাতিসংঘের ভূমিকা, বাংলাদেশের বর্তমান উন্নয়নসহ সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রীর ভূমিকা তুলে ধরেন।
ইন্ডিয়ান ওশান রিম এসোসিয়েশন (আইওআরএ) এর সেক্রেটারি জেনারেল ড. নকওয়ে বলেন, বঙ্গবন্ধু তার ভাষণে দারিদ্র্য বিমোচনের কথা বলেছিলেন, আমরা কিনা এখনও সে বিষয় নিয়ে কাজ করে যাচ্ছি।
ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর মিসেস ক্রিসটিন ইউমোটনি বঙ্গবন্ধু কর্তৃক প্রদত্ত ভাষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের একার নয়, তিনি আমাদের সকলের।
তিনি আরো বলেন, আজকে আমরা যে এসডিজি নিয়ে কাজ করছি ৪৬ বছর পূর্বেই বঙ্গবন্ধু তার ভাষণেও এই সমস্ত ক্ষেত্রে উন্নয়নের উপর জোর দিয়েছিলেন। তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু আমাদের অনুপ্রেরণা, তিনি আমারও পিতা।
উন্মুক্ত আলোচনায় আলোচকগণ স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে মিজ তাহিরা জারা বোদো বেরি, ইন্ডিয়ান ওশান রিম এসোসিয়েশন (আইওআরএ) এর সেক্রেটারি জেনারেল ড. নোমভুয়ো নন্টসিকেলেলো নকওয়ে এবং ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর মিসেস ক্রিসটিন ইউমোটনি এর হাতে ক্রেস্ট তুলে দেন হাইকমিশনার রেজিনা আহমেদ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সকলকে মুজিববর্ষের লোগো সম্বলিত কোটপিন এবং কলম স্মৃতি স্মারক স্বরূপ প্রদান করা হয়।