১ অক্টোবর থেকে সিঙ্গাপুর যাবে বিমান
ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে আবারও ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১ অক্টোবর থেকে প্রতি বৃহস্পতিবার চলবে এই ফ্লাইটটি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ বিমানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মোকাব্বির হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আগামী ১ অক্টোবর থেকে প্রতি বৃহস্পতিবার সিঙ্গাপুরে শিডিউল ফ্লাইট পরিচালনা করবে বিমান। যাত্রীরা বিমানের মোবাইল অ্যাপ ও বিমানের ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট কিংবা বিমানের সেলস কাউন্টার থেকে টিকেট কিনতে পারবেন।
করোনাভাইরাস সংক্রমণের কারণে গত ২১ মার্চ থেকে বিভিন্ন দেশের সঙ্গে ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরপর ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে আকাশপথে চালু হয় চলাচল, আন্তর্জাতিক রুটে চলাচল শুরু হয় ১৬ জুন থেকে।