১ অক্টোবর থেকে মাস্কাট যাবে ইউএস-বাংলা

ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১ অক্টোবর থেকে ঢাকা-মাস্কাট-ঢাকা রুটে সপ্তাহে দুটি সিডিউল ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। কোভিড-১৯ এ নির্দেশিত সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে মাস্কাটে সপ্তাহে সোম ও বৃহস্পতিবার দুটি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।
রোববার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি সোম ও বৃহস্পতিবার রাত ১০টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাস্কাটের উদ্দেশে ছেড়ে যাবে এবং পরদিন মঙ্গল ও শুক্রবার স্থানীয় সময় রাত ১টায় মাস্কাটে অবতরণ করবে।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স আন্তর্জাতিক রুট গুয়াংজু ও দোহায় ফ্লাইট পরিচালনা করছে। শিগগিরই ইউএস-বাংলা এয়ারলাইন্স অন্যান্য আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করছে। বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী, বরিশাল রুটে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করছে।
টিকেট রিজার্ভেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আপনার নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা এয়ারলাইন্সের নিজস্ব সেলস্ সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। যোগাযোগ- ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫।