ঢাকার ইতালি দূতাবাসের সামনে প্রবাসীদের মানববন্ধন
ছুটিতে এসে আটকে পড়া ইতালি প্রবাসীরা কাজে ফেরার দাবিতে ঢাকায় ইতালি দূতাবাসের সামনে মানববন্ধন করছেন।
রোববার (১১ অক্টোবর) সকালে তারা গুলশানে দূতাবাসের সামনে অবস্থান নেন। ভিসার মেয়াদ বৃদ্ধি, ফ্লাইট চালু দাবিতে তারা মানববন্ধন করেছেন।
প্রবাসীরা জানান, জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে দেশে ফিরে আটকে পড়ায় তাদের অনেকেই ঋণগ্রস্ত হয়েছেন। দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন অনেকেই। ইতোমধ্যে তাদের অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও মেয়াদ বাড়ানোর জন্য কোনও ঘোষণা বা উদ্যোগ নেয়নি ইতালি সরকার। তাই তারা মানববন্ধন করছেন।
করোনাভাইরাস মহামারির কারণে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে বাংলাদেশে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ছিল। তবে সে সময়ে ইতালিতে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় বেশকিছু বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন ইতালি প্রবাসীরা।
তবে গত ৬ জুলাই বাংলাদেশ থেকে রোমে যাওয়া একটি ফ্লাইটের উল্লেখযোগ্য সংখ্যক যাত্রীর শরীরে করোনা শনাক্ত হওয়ায় বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইউরোপের দেশটি।