বাংলাদেশ–ভারত ফ্লাইট চলাচলের প্রস্তুতি চলছে
মহামারি করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে ভারতের সঙ্গে বিমান চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে সড়ক ও রেলপথেও যোগাযোগব্যবস্থাও বন্ধ রয়েছে। কেবল পণ্য আমদানি-রফতানি কার্যক্রম চলছে।
তবে খুব শিগগির দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগব্যবস্থা চালু হতে পারে। এ নিয়ে বেশ কয়েকবার আলোচনাও হয়েছে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে।
চিঠি আদান–প্রদানও হয়েছে। এসব চিঠির মধ্যে দুই দেশই যাত্রীবাহী ফ্লাইট চলাচলের বিষয়ে কিছু শর্ত দিয়েছিল, সেগুলোর বিষয়েও দুই দেশ অনেকটায় সম্মত হয়েছে।
বাকিটুকু রাষ্ট্রীয় পর্যায়ে সিদ্ধান্ত এলে ফ্লাইট চলাচল শুরু হবে। এ ক্ষেত্রে আরও কিছুদিন হয়ত সময় লাগতে পারে।
বেবিচক সূত্রে জানা গেছে, উভয় দেশের ফ্লাইটসংখ্যা কত থাকবে, মেডিকেল ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির যেসব ভিসা আছে, সেগুলো পুনর্নবায়ন করা হবে কি না এবং চিকিৎসার জন্য যারা যাচ্ছেন, তাদের সঙ্গে কতজন যাবেন, সেসব বিষয় এই শর্তের মধ্যে ছিল। শর্তগুলো পূরণে দুই দেশই সম্মত হয়েছে। এখন দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।