shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ইতালিতে সাংবাদিকের পাসপোর্ট আটকে রাখার অভিযোগ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ নভেম্বর ২০২০, ১৮:০১

দুর্নীতির সংবাদ প্রচার করায় ইতালিতে সোহেল মজুমদার শিপন নামে এক সাংবাদিকের পাসপোর্ট আটকে রাখার অভিযোগ উঠেছে মিলানের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের বিরুদ্ধে। শিপন একটি অনলাইন পত্রিকায় সম্পাদনা করেন। গত আগস্ট মাসের ২১ তারিখে তিনি তার পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করেন। সেখানে তুলে ধরা হয় কনস্যুলেট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নানা দুর্নীতি এবং অনিয়মের কথা। ‘দুর্নীতির আখড়া ইতালির মিলান বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস’ শিরনামে ওই প্রতিবেদন প্রকাশের পরে ইতালি প্রবাসী আওয়ামী লীগের একাধিক নেতা শিপনকে ফোন করেন এবং প্রতিবেদনটি সরিয়ে ফেলতে চাপ প্রয়োগ করেন। শিপন তা অগ্রাহ্য করে বলেন, কনস্যুলেট প্রকাশিত প্রতিবেদন অসত্য মনে করলে প্রতিবাদ লিপি অথবা অভিযোগের ব্যাখ্যা দিতে পারে, আমরা তা প্রকাশ করবো। এর বেশি কিছু করার নেই। ইংরেজি দৈনিক ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, গত আগস্ট মাসে শিপন তার স্ত্রী এবং দুই সন্তানসহ মোট চারজনের পাসপোর্ট নবায়নের জন্য মিলানোর কনস্যুলেটে জমা দেন। পাসপোর্ট ডেলিভারির সময় হলে শিপন দেখেন কনস্যুলেটের অফিসিয়াল পেজে তার স্ত্রীর পাসপোর্ট রেডি হওয়ার তথ্য থাকলেও নিজের পাসপোর্ট এবং দুই সন্তানের পাসপোর্ট ডেলিভারির কোনো তথ্য নেই। শিপন বিষয়টি জানতে চেয়ে মিলানোর কনসার্ল জেনারেল ইকবাল আহমেদকে ইমেইল করেন। ইমেইলের উত্তর না পেয়ে ফোন করেন। কিন্তু, বহুবার চেষ্টা করেও তিনি কনসার্ল জেনারেলের সঙ্গে কথা বলতে পারেননি। এরপর শিপন অন্য একটি সূত্রে জানতে পারেন, কনস্যুলেটের দুর্নীতি বিষয়ক অভিযোগের প্রতিবেদন তার পত্রিকায় প্রকাশের কারণে তার এবং সন্তানদের পাসপোর্ট আটকে রাখা হয়েছে। এমনকি তাকে জামায়াতের সমর্থক বলেও প্রচার করা হয়েছে। বলা হয়েছে, জামায়াত সমর্থক শিপন তার দেশপ্রিয় পত্রিকায় দেশের বিরুদ্ধে লেখালেখি করেন। সাংবাদিক শিপন বলেন, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। দেশে থাকতে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলাম। গুরুত্বপূর্ণ পদে ছিলাম। দেশেই সাংবাদিকতা শুরু করি, প্রবাসেও করছি। নিজের চেষ্টায় একটা পত্রিকা চালাচ্ছি দীর্ঘ দিন। কখনো গায়ে কোনো কালি মাখিনি। অথচ আমার পাসপোর্ট আটকে রাখা হয়েছে। আমাকে দেশ বিরোধী বলা হয়েছে। বিএনপি জামায়াত বলা হয়েছে। শিপন প্রশ্ন তুলে বলেন, আমি যদি আমাদের কনস্যুলেট দ্বারা এমন হয়রানির মুখে পড়ি। তবে, অন্যান্য প্রবাসীরা কতভাবে হয়রানির শিকার হচ্ছেন তা সহজেই অনুমান করা যায়। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে মিলানোর কনসার্ল জেনারেল ইকবাল আহমেদকে ইমেইল করি। জানতে চাই সোহেল মজুমদারের অভিযোগের সত্যতা কতোটুকু? ২৮ অক্টোবর করা ইমেইলের উত্তর না পেয়ে ইকবাল আহমদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করি। কিন্তু, অনেকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। এরপর নিজস্ব সূত্রে বিষয়টি জানার চেষ্টা করি এবং জানতে পারি- কনসার্ল জেনারেল ইকবাল আহমেদ ইমেইলের উত্তর না দিয়ে রোমের একজন সাংবাদিকের কাছে মেইলটি হুবহু পাঠিয়েছেন এবং বলেছেন, ইতালি থেকে বদলি হয়ে তিনি হংকং চলে যাচ্ছেন। শেষ মুহূর্তে এসব নিয়ে কথা বলতে চান না। মুঠফোনে ইতালির রাষ্ট্রদূত সোবহান শিকদারের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমার জানা মতে ইতালিতে এমন কোনো ঘটনা ঘটেনি। দূতাবাসে কেউ সেবা নিতে এলে সব সময় সঠিক সেবা দেওয়া হয়। নির্দিষ্ট করে সোহেল মজুমদারের ঘটনাটা জানালে তিনি বলেন, মিলানোর কনস্যুলেটে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই। যদি কখনো জানার সুযোগ হয় আপনাদের জানাতে পারবো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।