পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করল মালয়েশিয়া প্রবাসীরা
ভিসার মেয়াদ বৃদ্ধি ও মালয়েশিয়ায় ফেরার দাবি নিয়ে কয়েক হাজার মালয়েশিয়া প্রবাসী পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছিলেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের আশ্বাসের প্রেক্ষিতে তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেন।
রোববার রাত থেকেই প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন প্রবাসীরা। সোমবার সকালে তারা পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেন। প্রবাসীরা প্রেসক্লাবের সামনের একটি রাস্তা অবরোধ করে রাখায় সেখানে যান চলাচল বন্ধ থাকে।
অবস্থানরত প্রবাসীরা জানান, করোনা মহামারির আগে ছুটিতে দেশে ফিরে আসেন তারা। কিন্তু, ফ্লাইট বন্ধ থাকায় আর ফিরে যেতে পারেননি।
তাদের অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং ডিসেম্বরের মধ্যে বেশিরভাগ প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে।
অবস্থানকারীদের মধ্যে একজন নুরন্নবী। গতমাসেই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তার। তিনি বলেন, গত ২৯ ফেব্রুয়ারি আমি ছুটিতে দেশে ফিরেছি। এখন পর্যন্ত আর যেতে পারিনি। আট মাস ধরে আমার কোনো কাজ নেই, কোনো আয়ও নেই। এভাবে আর কিছুদিন থাকলে পরিবার-পরিজন নিয়ে না খেয়ে মরতে হবে। আমি আবার আমার কর্মস্থলে ফিরে যেতে চাই।
একই রকম মন্তব্য করেন সেখানে উপস্থিত আরও কয়েকজন প্রবাসী।