স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৪
মরিশাসের রাজধানী পোর্ট লুইসে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে বাংলাদেশ হাইকমিশন।
রোববার (২১ ফেব্রুয়ারি) দিবসের শুরুতে হাইকমিশনার রেজিনা আহমেদ সকলের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কার্যক্রম সূচনা করেন। পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ডিজি ইউনোস্কোর বাণীসমূহ পাঠ করা হয়।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পোর্ট লুইস সিটি কাউন্সেলের লর্ড মেয়র মাহফূজ মুসা কাদেরসাইব।
তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশিদের জন্য এক গৌরবোজ্জ্বল দিন। তিনি তার বক্তব্যে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাবরণসহ দূরদর্শী নেতৃত্বের কথা উল্লেখ করেন।
তিনি আরো বলেন, মরিশাসে বসবাসরত বাংলাদেশি কর্মীগণ খুব দ্রুত মরিশাসের ভাষা ও সংস্কৃতি আত্মস্থ করে নেয়, তেমনি আমাদেরও তাদের থেকে সংস্কৃতি থেকে শেখার আছে।
হাইকমিশনার রেজিনা আহমেদ তার বক্তেব্যে ১৯৫২- এর ভাষা আন্দোলনের ইতিহাস এবং আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভের পটভূমি তুলে ধরেন।
তিনি তার বক্তব্যে বলেন, ২০০০ সাল থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়ে আসছে। ’৫২- এর ভাষা আন্দোলন থেকে ১৯৭১ এর স্বাধীনতা সংগ্রামের ত্যাগের ইতিহাস যেমনি দুঃখজনক, তেমনি গৌবরময়। এই মহান দিনে স্মরণ করি সকল ভাষা শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময় আজ আমরা বাংলা ভাষায় কথা বলি এবং কৃতজ্ঞচিত্রে শ্রদ্ধাভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার দৃঢ় নেতৃত্ব ভাষা আন্দোলনের সংগ্রামী ছাত্রবৃন্দ এবং সাধারণ জনগোষ্ঠীকে সংগঠিত করতে সাহায্য করেছিল।
এ দিবসকে লক্ষ্য করে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইতিহাস ও পটভূমির উপর রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। জানুয়ারি মাসের শেষের দিকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এ প্রেক্ষিতে তিনটি গ্রুপে মোট ৩৭টি রচনা জমা পড়ে। উক্ত রচনা প্রতিযোগিতায় বয়স ভিত্তিক তিনটি ক্যাটাগরিতে মরিশাসের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারী সকলকে সার্টিফিকেট এবং বিজয়ীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। পুরস্কার গ্রহণকালে ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণও উপস্থিত ছিলেন। এ ধরনের আয়োজনকে তারা অত্যন্ত উৎসাহব্যঞ্জক এবং নতুন প্রজন্মের জন্য ফলপ্রসূ বলে অভিমত প্রকাশ করেন। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে অমর একুশের উপর রচিত গানের সাথে নৃত্য পরিবেশন করার পাশাপাশি ভাষা আন্দোলনের উপর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক নির্মিত ডকুমেন্টরি ‘দি মাদার ল্যাংগুয়েজ টাং’ (ইংরেজি ভার্সন) প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে জাপান ও মিশরের রাষ্ট্রদূত, ভারত ও মাদাগাস্কার হাইকমিশনের প্রতিনিধি, সাবেক ডেপুটি মেয়র, পোর্ট লুইস এবং স্থানীয় প্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশিসহ প্রায় দুইশতাধিক অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের দেশীয় খাবার দ্বারা আপ্যায়ন করা হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com