কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৫
বিভিন্ন বাংলা গ্রন্থ নিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের হ্যামট্রাম্যাক শহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা লাইব্রেরি ‘বর্ণমালা বাংলা কর্নার’ এর যাত্রা শুরু হয়েছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই লাইব্রেরির উদ্বোধন করেন হ্যামট্রাম্যাক সিটি মেয়র কেরেন মাজেয়াস্কিস।
হাওর টিভি লাইভ সম্প্রচারিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হ্যামট্রাম্যাক পাবলিক লাইব্রেরির ডাইরেক্টর তামারা সোচাকা, সিটি কাউন্সিলম্যান মোহাম্মদ কামরুল হাসান, কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, লাইব্রেরির উদ্যোক্তা বিশিষ্ট নিউরোলজিস্ট, দার্শনিক ডা. দেবাশীষ মৃধা ও তার সহধর্মিনী চিনু মৃধা। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন বর্ণমালা বাংলা কর্নার- এর প্রধান সমন্বয়কারী মৃদুল কান্তি সরকার ।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র কেরেন মাজেয়াস্কিস বলেন, লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগটি সত্যি প্রশংসনীয়। তিনি এর সাথে জড়িত সবাইকে আন্তরিক অভিনন্দন জানান।
বিশেষ অতিথির বক্তব্যে লাইব্রেরিটির পরিচালক তামারা সোচাকা বলেন, এখানে প্রচুর বাঙ্গালি পাঠক রয়েছেন, সেই তুলনায় বই আমাদের ছিল না। এখন আমরা পর্যাপ্ত বই পেয়েছি। আমি খুবই খুশি এবং কৃতজ্ঞ।
ডা. দেবাশীষ মৃধা বলেন, বই মানুষের পরম বন্ধু। তাই জ্ঞান আরোহনের জন্য বেশি করে পাবলিক লাইব্রেরিতে যেতে হবে। বইয়ের সম্ভাব্য বাস্তবতা ও কল্পনা পাঠকের মনে নতুন আবেগ ও অনুভূতি সৃষ্টি করে, যা তাকে অন্য সংস্কৃতির মানুষকে বোঝা ও তাদের প্রতি সহমর্মী হতে সাহায্য করে। তাই তিনি সবাইকে লাইব্রেরিতে এসে বই পড়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি ও প্রতিষ্ঠাতা চিনু মৃধা এই উদ্যোগকে সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি মৃধা গ্রন্থাগারের উত্তরোত্তর উন্নতি কামনা করেছেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সেই সাথে তিনি লাইব্রেরি প্রতিষ্ঠার ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য হ্যামট্রাম্যাক পাবলিক লাইব্রেরির ডাইরেক্টর তামারা সোচাকাকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে কাউন্সিলম্যান মোহাম্মদ কে. হাসান এই উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। বিশেষ অতিথি কাউন্সিলম্যান নাঈম চৌধুরী ২১ ফেব্রুয়ারির ইতিহাস উল্লেখ করে এই উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সবাইকে স্বাগত জানান।
বর্ণমালা বাংলা কর্নারের প্রধান সমন্বয়কারী মৃদুল কান্তি সরকার আমাদের জানান, ভবিষ্যতে তারা আরও বই নিয়ে আসবেন। মিশিগান অঙ্গরাজ্যে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতি পৌঁছে দেওয়ার কাজে নিজেকে নিযুক্ত রাখবেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com