shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

নিউজার্সিতে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করেছে বাংলাদেশ-ভারত

  কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ২০ মার্চ ২০২১, ১৯:০০

নিউজার্সিতে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করেছে বাংলাদেশ-ভারত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ ও ভারতের কনস্যুলেট জেনারেল- এর যৌথ অংশগ্রহণে নিউজার্সির আনন্দ মন্দির প্রাঙ্গণে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা এবং ভারতের কনসাল জেনারেল রনধীর জশওয়াল যৌথভাবে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বাংলাদেশ, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ও ভারতের কনসাল জেনারেল আনন্দ মন্দির প্রাঙ্গনে যৌথভাবে একটি চেরী গাছ রোপণ করেন।

১৭ মার্চকে একটি ঐতিহাসিক দিন হিসেবে অভিহিত করে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা তার বক্তব্যে বলেন, ১৯২০ সালের এই দিনে টুঙ্গীপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই আজ আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক হিসেবে এখানে উপস্থিত হতে পেরেছি। ‘বঙ্গবন্ধু’ ও  ‘বাংলাদেশ’ আজ সমার্থক এবং একে অপরের পরিপূরক উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের নিপীড়িত ও নির্যাতিত মানুষের অধিকার আদায়ে বঙ্গবন্ধুর অবিচল সংগ্রাম ও মানবদরদী নেতৃত্ব তাকে ‘বিশ্ববন্ধু’-তে পরিণত করেছে। 

তিনি আরো বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশকে  ‘সোনার বাংলা’ হিসাবে গড়ে তোলার প্রস্তুতি গ্রহণের জন্য বঙ্গবন্ধু সময় পান মাত্র সাড়ে ৩ বছর।

স্বাধীনতাবিরোধী ঘাতকচক্র ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যার মাধ্যমে বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ বাস্তবায়নের স্বপ্নপূরণ হতে দেয়নি। 

কনসাল জেনারেল বলেন, ২০২১ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই আনন্দঘন মুহূর্তে জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ করেছে যা আমাদের সকলের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। নিউইয়র্ক টাইমস-এ সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশকে অনুসরণ করার পরামর্শ অথবা ওয়ালস্ট্রিট জার্নালে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার ‘ইকোনোমিক বুল’ হিসেবে অভিহিত করার বিষয়সমূহ বঙ্গবন্ধুর এই শুভ জন্মদিনে বাংলাদেশের আনন্দের মাত্রাকে অনেকগুণ বাড়িয়ে দিয়েছে বলে কনসাল জেনারেল মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী রাজনৈতিক নেতৃত্বের ফলশ্রুতিতে বাংলাদেশ আজ বিশ্বের প্রথম পাঁচটি দ্রুতবর্ধনশীল অর্থনীতির একটি উল্লেখ করে কনসাল জেনারেল বলেন, অর্থনীতিসহ উন্নয়নের সকল সূচকে বাংলাদেশ অভূতপূর্ব উন্নতি লাভ করেছে। শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন, গড় আয়ু বৃদ্ধি ও চলমান মেগাপ্রকল্পসহ অবকাঠামোর উন্নয়ন, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে উন্নয়ন এবং আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের সামগ্রিক চিত্র তুলে ধরে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে বাংলাদেশ এগিয়ে চলেছে।

ভারতের কনসাল জেনারেল রনধীর জশওয়াল জাতির জনকের ১০১তম জন্ম দিবস এবং ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উৎসবে ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাষ্ট্র/সরকার প্রধানদের সাম্প্রতিক ঢাকা সফরের বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এবং বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে ভারতীয় কনসাল জেনারেল অভিনন্দন জানান। 

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারগারের রোজনামচা এবং ‘সিক্রেট ডকুমেন্টস অব ইনটেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ ভলিয়ম- ১, ২, ৩ ও ৪ বইসমূহ আনন্দ মন্দির কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।

মুজিববর্ষে জাতির পিতার ১০১তম জন্মদিনের এই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানটিতে করোনাজনিত স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যায় বাংলাদেশ ও ভারতের বিভিন্ন ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। নিউজার্সিতে বসবাসরত বাংলাদেশ এবং ভারতের শিল্পীগণ বঙ্গবন্ধু ও বাংলাদেশকে উপজীব্য করে দেশাত্ববোধক গান পরিবেশন করেন। অত্যন্ত হ্নদয়গ্রাহী ও আন্তরিকতায় পরিপূর্ণ এই অনুষ্ঠানটিতে বঙ্গবন্ধুর স্মৃতি চারণকালে বাংলাদেশ ও ভারতের অতিথিবৃন্দ আবেগে আপ্লত হয়ে পড়েন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।