কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ২২ মার্চ ২০২১, ১৭:৩০
সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং লুটপাটের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ডেট্রয়েটে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ডেট্রয়েট দুর্গা টেম্পলের উদ্যোগে টেম্পলের পার্কিং লটে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন- সৌরভ চৌধুরী, অজিত দাশ, অপূর্ব কান্তি চৌধুরী, রতন হালদার, পঙ্কজ দাশ, লিটন শীল, রুমা রানী দাশ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে উগ্র সাম্প্রদায়িক অপশক্তি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘরে হামলা ও লুটপাট করেছে। এমনকি রান্না ঘরের হাঁড়ি-পাতিল ভেঙ্গে নষ্ট করেছে, নারীদের শ্লীলতাহানী করেছে, ভেঙ্গেছে মন্দির ও প্রতিমা।
বক্তারা আরও বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার সর্ব ক্ষেত্রে উল্লেখ করা হলেও প্রকৃতপক্ষে নানা ছুঁতোয় সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়েই চলেছে। ইতোপূর্বে চট্টগ্রামের রাউজান ফটিকছড়ি, কক্সবাজারের রামু, নাসিরনগর, কুমিল্লা যশোরের অভয়নগরসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক ঘটনা ঘটছে। কিন্তু কোনও ঘটনারই সরকার বিচার করছে না। এত কিছুর পরও নিরব ভূমিকা পালন করছে সরকার। আর সরকার সঠিক বিচার করছে না বলেই এমন ঘটনা বার বার ঘটছে। বিচারহীনতার কারণে আজ দেশে হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়েই চলছে। সমাবেশ থেকে শাল্লাসহ দেশের সব সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি করা হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com