কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ২৩ মার্চ ২০২১, ২০:০৯
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক কুইন্সের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হলো আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হেল্প এবিসিএইচ-এর মিট এন্ড গ্রিট অনুষ্ঠান।
দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে গঠিত অনলাইন ভিত্তিক সংগঠন আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হেল্পের ১৩ হাজার সদস্য পূর্তিতে গত শনিবার উদযাপন করা হয় এই অনুষ্ঠান।
করোনাকালীন সতর্কতার জন্য স্বল্প পরিসরে আয়োজন করা হয় অনুষ্ঠানটি। ২০১৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি এই পর্যন্ত আমেরিকায় বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির হাজার হাজার মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে।
শুধু আমেরিকাতেই নয়, এমনকি তারা বাংলাদেশের বিভিন্ন দুর্যোগ ও বিপদেও সহযোগিতা করছেন নিয়মিতভাবে। আমেরিকাস্থ বাংলাদেশি মানুষদের মাঝে এই গ্রুপটি দিন দিন দারুণ জনপ্রিয় হয়ে উঠছে।
যে কোনও ধরনের তথ্য, পরামর্শ, ক্লাসিফাইড বিজ্ঞাপন অথবা পারস্পরিক সহযোগিতার জন্য এই গ্রুপে একটা পোস্ট দিলেই পেয়ে যাচ্ছেন তড়িৎ সমাধান। আর এই সেবা তারা দিচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে।
গ্রুপে বাংলাদেশি বংশোদ্ভূত সকল শ্রেণী পেশার হাজার হাজার সদস্য স্বপ্রণোদিত হয়ে একে অপরের সহযোগিতার জন্য এগিয়ে আসছেন। আমেরিকার মাটিতে বাংলাদেশি কমিউনিটির এ এক অভূতপূর্ব মিলনমেলা।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে গ্রুপের তিনজন এডমিন জাহিদ করিম, তরিকুল ইসলাম মিঠু এবং হাসান ভূইয়া বলেন, তারা এখানে বাংলাদেশি কমিউনিটিকে ঐক্যবদ্ধ করা, তাদের মাঝে পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলা এবং বিভিন্ন প্রয়োজনে গুরুত্বপূর্ণ তথ্য, পরামর্শ ও নানাবিধ সহযোগিতা দিয়ে কমিউনিটির পাশে থাকার জন্য সম্পূর্ণ বিনা স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই গ্রুপের মাধ্যমে অতি শীঘ্রই সারা আমেরিকাজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি কমিউনিটির বেশিরভাগ মানুষকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য ছাড়াও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিসহ উপস্থিত ছিলেন এন ওয়াই পি ডি’র ডিটেকটিভ কমান্ডার শামসুল হক।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com