স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৪ মে ২০২১, ১৪:৪৪
করোনা ঠেকাতে নতুন নতুন সিদ্ধান্তে বিপাকে পড়ছেন প্রবাসী বাংলাদেশিরা। ছুটি কাটাতে দেশে আসার জন্য এয়ারপোর্টে গিয়ে প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিনের বুকিং দেখাতে না পারায় মিলছে না বোর্ডিং পাস। ঈদের ছুটি কাটাতে দেশে আসতে চাইলেও নানা নিয়মের বেড়াজালে কাতার এয়ারপোর্ট থেকে ফিরে যাচ্ছেন অনেকে।
করোনা প্রতিরোধে বিদেশ ফেরত যাত্রীদের জন্য কঠোর বিধিনিষেধ জারি করেছে বাংলাদেশ সরকার। সবশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, করোনার টিকা গ্রহণকারীদের জন্য তিনদিন আর টিকা না দেওয়া ব্যক্তিদের জন্য ১৪ দিনের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা রয়েছে।
আগের প্রজ্ঞাপনে দুই ডোজ টিকা নিলে প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিন লাগবে না বলে ঘোষণা দেয়া হয়েছিল। বাংলাদেশ সরকারের ওই ঘোষণার পর ঈদের ছুটি কাটাতে অনেকেই বিমানের টিকিট কেটেছিলেন। নতুন বিধিনিষেধের কারণে কাতার এয়ারপোর্টে গিয়ে ফিরতে হচ্ছে অনেক প্রবাসীকে। প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিনের বুকিং দেখাতে না পারায় মিলছে না বোর্ডিং পাস। ফলে দেশে যেতে না পেরে হতাশ প্রবাসীরা। তারা বলেন, বিমানবন্দরে যাওয়ার পর জানলাম হোটেল বুকিং করতে হবে। এগুলো আমরা আগে থেকে জানতাম না। দেশে যেতে পারব এই আসায় টিকেট কেটে বিমানবন্দরে যেয়ে ফিরে আসতে হয়েছে।
আগাম নোটিশ ছাড়া বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের কারণে অনেকে শিকার হচ্ছেন আর্থিক ক্ষতির। মহামারি করোনার মধ্যে প্রবাসীরা রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন। মধ্যপ্রাচ্যের অধিকাংশ প্রবাসী ঈদের সময় দেশে আসেন। তবে সরকারের একের পর এক নতুন সিদ্ধান্তে তারা পড়ছেন দোটানায়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com