স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৫ জুন ২০২১, ১৫:১০
ইউনেস্কোর সাংস্কৃতিক বৈচিত্র্য শীর্ষক কনভেনশন ২০০৫-এর আন্তঃরাষ্ট্রীয় কমিটিতে ২০২১-২০২৫ মেয়াদে প্রথমবারের নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ১ জুন থেকে ৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত ভার্চুয়ালি কনভেনশনের অষ্টম সাধারণ সভায় সদস্য রাষ্ট্রের সর্বসম্মতিক্রমে এশিয়া ও প্যসিফিক অঞ্চল থেকে বাংলাদেশ নির্বাচিত হয়।
৪ জুন সভার শেষদিনে এ নির্বাচনে ২৪ সদস্য রাষ্ট্রের মধ্যে ১২ সদস্য রাষ্ট্র পরবর্তী ৪ বছরের জন্য নির্বাচিত হয়। বাংলাদেশসহ ফ্রান্স, নরওয়ে, জর্জিয়া, সার্বিয়া, কিউবা, জামাইকা, ভিয়েতনাম, বুরুন্ডি, মাদাগাস্কার, সংযুক্ত আরব আমিরাত ও প্যালেস্টাইন আন্তঃরাষ্ট্রীয় কমিটিতে নতুন সদস্য হিসেবে নির্বাচিত হয়।
‘সৃজনশীল অর্থনীতি ক্ষেত্রে ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরষ্কার’ প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশ এ বিষয়ে বৈশ্বিক পরিমণ্ডলে নেতৃত্বের অবস্থানে এসেছে, তাই এ বিষয়ে আন্তঃরাষ্ট্রীয় কমিটিতে বাংলাদেশের নির্বাচিত হওয়া বিশেষ তাৎপর্য বহন করে।
নির্বাচিত হওয়ার পর ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেন ২০০৫ কনভেনশনের সকল সদস্য রাষ্ট্রকে বাংলাদেশের প্রতি আস্থা রাখার জন্য ও আন্তঃরাষ্ট্রীয় কমিটিতে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে তিনি ২০০৫ কনভেনশনের বাস্তবায়নে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।
সমাপনী বক্তব্যে ইউনেস্কোর সংস্কৃতি সেক্টরের সহকারী মহাপরিচালক আর্নেস্তো রেনাটো ওটোন তার বক্তব্যে বাংলাদেশকে সৃজনশীল অর্থনীতি ক্ষেত্রে ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনে এগিয়ে আসায় ধন্যবাদ জ্ঞাপন করে সকল সদস্য রাষ্ট্রকে মনোনয়ন প্রদানের জন্য উদাত্ত আহ্বান জানান। এ ছাড়াও সৃজনশীল অর্থনীতি ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের উৎসাহিত করার মহতী উদ্যোগে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
সৃজনশীল অর্থনীতি ক্ষেত্রে ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার’ প্রথমবারের মতো আগামী নভেম্বর ২০২১ এ অনুষ্ঠেয় ইউনেস্কোর ৪১তম সাধারণ সভায় প্রদান করা হবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com