স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৩ জুন ২০২১, ১২:৩৮
ইউরোপ থেকে যুক্তরাজ্য আলাদা হওয়ার পর নানামুখী সংকট তৈরি হয়েছে। ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। এ সংকটের সঙ্গে জড়িয়ে আছেন প্রায় ৫০ হাজার বাংলাদেশি বংশোদ্ভূত ইউরোপীয় নাগরিক। ২০২০ সালের ৩১ ডিসেম্বর ব্রেক্সিট কার্যকর হয়। সম্প্রতি ইউরোপীয় কমিশনের একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যের নাগরিকদের সমস্যা তুলে ধরা হয়েছে।
ইউরোপ থেকে আসা ২৭ দেশের ২ লাখ ৯০ হাজার নাগরিক যুক্তরাজ্যে বসবাসের চূড়ান্ত আবেদন করতে পারেননি। এ কারণে আইনগতভাবে নিজেদের চাকরি, ব্যবসা প্রতিষ্ঠান ও বসবাসের সুযোগ হারাতে পারেন তারা। এ ছাড়া বঞ্চিত হতে হবে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সাহায্যসেবা থেকেও।
ওই প্রতিবেদন মতে, ইতালি, স্পেন, পর্তুগাল, জার্মানিসহ ইউরোপের ২৭টি দেশ থেকে প্রায় ৫০ হাজার বাংলাদেশি বংশোদ্ভূত ইউরোপীয় নাগরিক স্থায়ীভাবে বসবাসের জন্য যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন। এর মধ্যে কয়েক হাজার বাংলাদেশি করোনা সংকট ও ভিসা জটিলতায় আটকা পড়েছেন ইউরোপের অনেক দেশে। যুক্তরাজ্যে করোনা পরিস্থিতির কারণে যেভাবে প্রতিটি সেক্টরে কাজের সংকট তৈরি হয়েছে, তাতে অনেকে এ দেশে এসে বিপদেই পড়েছেন। কারও কারও ন্যাশনাল ইন্স্যুরেন্স (এনআই) হতে সময় লাগছে দুই থেকে তিন মাস। সেই সঙ্গে ইউনিভার্সেল ক্রেডিট আবেদন এবং এ আবেদনের ফল পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। যারা ব্রেক্সিটের ঠিক আগে এসেছেন, তারা বেশি সমস্যায় আছেন।
এ বিষয়ে স্পেন থেকে আসা হাসান ইমাম জানান, ব্রেক্সিটের কারণে দ্রুত চলে আসতে হয়েছে। দেশটিতে এতদিন কারোনার প্রকোপ ছিল। তাই প্রয়োজনীয় অনেক কাগজপত্র আনা সম্ভব হয়নি। যুক্তরাজ্যে যেসব সুযোগ-সুবিধা পাওয়ার কথা ছিল, তাও পাওয়া যাচ্ছে না।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে ফ্রান্সের ২৬ হাজার, ডেনমার্কে ১৫ হাজার, অস্ট্রিয়ার ৮ হাজার, সুইডেনের ১০ হাজার, ইতালির ৩৩ হাজার ও স্পেনের ১ লাখ ৬০ হাজার নাগরিক যুক্তরাজ্যে এসে রেসিডেন্সিয়াল কার্ডের জন্য আবেদন করতে পারেননি। এ ছাড়া মালটা, জার্মানিসহ ইউরোপের আরও কয়েকটি দেশের নাগরিকদেরও এমন সমস্যায় পড়তে হয়েছে। তবে রেসিডেন্সের জন্য সময়সীমা এ বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানিয়েছেন অনেকে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com