স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৭ জুন ২০২১, ২৩:৫৪
মালয়েশিয়ায় হাইকমিশনের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানারকম সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া প্রচারকারীদের বিরুদ্ধে সতর্কতা জারি করে বিজ্ঞপ্তি দিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। গতকাল শনিবার রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের দেওয়া বিজ্ঞপ্তি দূতাবাসের ভ্যারিফাইড ফেসবুক পেজে প্রকাশ করে।
দূতালয় প্রধান রুহুল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা দালাল স্বনামে বা বেনামে হাইকমিশনের ফেসবুক পোস্টে ঢুকে দ্রুত পাসপোর্ট করে দেওয়ার যে কার্যক্রম করে আসছেন তা সম্পূর্ণ বেআইনি এবং এর সঙ্গে হাইকমিশনের কোনো সংশ্লিষ্টতা নেই। বাংলাদেশ সরকার তথা বাংলাদেশ হাইকিমশন সব ধরনের দুর্নীতি ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের বেআইনি কাজে মালয়েশিয়ায় বসবাসরত কোনো বাংলাদেশি নাগরিক এবং তাদের সঙ্গে হাইকমিশনের কারও সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
একই সঙ্গে এ বিষয়ে হাইকমিশনে সেবা প্রত্যাশী মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সচেতন এবং এ ধরনের অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িতদের সম্পর্কে নিশ্চিত তথ্য থাকলে ইমেইলের feedbck.bhckl@gmail.com মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হয়। নিরাপত্তার স্বার্থে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, কুয়ালালামপুর দূতাবাস করোনাভাইরাসের শুরু থেকেই প্রবাসীদের সুবিধার্থে পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সেবা দিয়ে আসছে। কয়েক লাখ পাসপোর্ট ইতোমধ্যে হাতে পেয়েছেন প্রবাসীরা। এর মধ্যেই কিছু অসাধু ফেসবুকে হাইকমিশনের নামে বেআইনি কাজ করছে। তাদের বিরুদ্ধে দূতাবাসের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মালয়েশিয়া বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com