স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৩ জুলাই ২০২১, ১৬:১১
চীনের সিনোফার্ম, সিনোভ্যাক কভিড টিকার দুই ডোজ সম্পন্নকারী ব্যক্তি সৌদি আরবে ঢুকতে পারবেন। সৌদি কর্তৃপক্ষ গতকাল সোমবার এ সিদ্ধান্ত নিয়েছে। ফলে বাংলাদেশসহ যেসব দেশে চীনা টিকা দেওয়া হচ্ছে, সেসব দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশ সহজ হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের সিনোফার্ম ও সিনোভ্যাক টিকা প্রয়োগ অনুমোদন করেছে। সৌদি কর্তৃপক্ষ এত দিন ওই টিকাগুলো অনুমোদন না করায় ওই টিকা নেওয়া ব্যক্তিদের সৌদি আরবে প্রবেশে সমস্যা হচ্ছিল।
ওই টিকা নিলেও বিদেশিদের সৌদিতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হতো এবং এটি বেশ ব্যয়বহুল। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকার সৌদিগামীদের জন্য চীনা টিকার বদলে অন্য টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছিল। সৌদি সরকার চীনা টিকা অনুমোদন দেওয়ায় এখন সৌদিগামী যাত্রীরা চীনা টিকাও নিতে পারবেন।
সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ফাইজার-বায়োএনটেক, মডার্না, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, জেনসেন, সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকার ডোজ সম্পন্নকারীরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। টিকার শেষ ডোজ সম্পন্ন করা এবং সৌদি আরব যাত্রার মধ্যে অন্তত ১৪ দিন সময় অতিবাহিত হতে হবে। ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে অবশ্যই আরটি-পিসিআর টেস্টে কভিড নেগেটিভ সনদ থাকতে হবে। এ ছাড়া সৌদিতে প্রবেশের আগেই ‘তাওয়াকালনা’ অ্যাপস ডাউনলোড ও নিবন্ধন করতে হবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com