স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৭ আগস্ট ২০২১, ১৫:১৯
প্রবাসীদের নানাবিধ সমস্যা সম্পর্কে জানতে শিগগিরই দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটে কল সেন্টার স্থাপন করা হবে। এর ফলে প্রবাসীদের কথা শুনে দ্রুততম সময়ের মধ্যে ৫০ শতাংশ সমস্যার সমাধান দেওয়া সম্ভব বলে মনে করছেন দুবাইয়ে নবনিযুক্ত কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
বৃহস্পতিবার দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটে ডাকা সংবাদ সম্মেলনে নিজের পঞ্চম কর্মদিবসে জামাল হোসেন বলেন, 'বর্তমানে প্রবাসীদের সেবা দিতে হটলাইন (হোয়াটস অ্যাপ) নম্বর চালু আছে। তবে আরও অল্প সময়ে সেবা নিশ্চিত করতে কল সেন্টারের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।'
দেশে আটকা পড়া প্রবাসীদের দ্রুত আমিরাত ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে উল্লেখ করে কনসাল জেনারেল বলেন, 'চলতি মাসের মধ্যে দেশে আটকা পড়া প্রবাসীদের ফিরে আসার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।'
এছাড়াও কনসাল জেনারেল প্রবাসীদের অপরাধ প্রবণতা কমানোর ব্যাপারে এবং পাসপোর্ট ও কনস্যুলেট সেবা সহজকরণের বিষয়ে বিশদ আলোচনা করেন।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ কনস্যুলেটে 'মিডিয়া উইং' চালুর বিষয়েও মত প্রকাশ করেন কনসাল জেনারেল। তিনি বলেন, 'সাংবাদিক ও কনস্যুলেট পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে তৈরি একটি সম্পর্ক। সহজে তথ্য আদান-প্রদানের জন্য মিডিয়া উইং বাস্তবায়ন করতে যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করব।'
সংবাদ সম্মেলনে কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল মো. সাহেদুল ইসলাম, কাউন্সেলর (শ্রম) ফাতেমা জাহান, কমার্শিয়াল কাউন্সেলর কামরুল হাসানসহ কনস্যুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com