স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৭ আগস্ট ২০২১, ১৮:৩৪
যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দূতাবাস দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। সকাল সাড়ে নয়টায় রাষ্ট্রদূত আবিদা ইসলাম দূতাবাস প্রাঙ্গণে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিবসটির কর্মসূচির শুভ সূচনা করেন। এ সময় উপস্থিত সকলে কালো ব্যাজ পরিধান করেন।
এরপর রাষ্ট্রদূতসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরবর্তীতে রাষ্ট্রদূত আবিদা ইসলাম দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে কোরিয়ান ভাষাসহ জাতিসংঘের দাপ্তরিক ৬টি ভাষায় অনূদিত জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বইয়ের মোড়ক উন্মোচন করেন।
উল্লেখ্য ২০২০ সালে দূতাবাস জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি কোরিয়ান ভাষায় অনুবাদের উদ্যোগ গ্রহণ করে এবং এ সংক্রান্ত একটি পুস্তিকা প্রকাশ করে।
রাষ্ট্রদূত এরপর মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে জাতির পিতার জীবন ও কর্মের উপর দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত তৃতীয় আলোকচিত্র প্রদর্শনীসহ বঙ্গবন্ধুর উপর লিখিত বইয়ের প্রদর্শনীর উদ্বোধন করেন। জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠানের পরবর্তী পর্ব অনলাইনে অনুষ্ঠানের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যবৃন্দের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং বঙ্গবন্ধুসহ সেই কাল রাত্রিতে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি এবং দেশ-জাতির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। পরে দূতাবাসের কর্মকর্তারা জাতীয় শোক দিবস উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান।
পরবর্তীতে পূর্ব ধারণকৃত বঙ্গবন্ধু ও বিশ্ব শান্তি শীর্ষক অনলাইন আলোচনা সভা প্রদর্শন করা হয়। আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ও উক্ত বিশ্ববিদ্যালয়ের এশিয়া পলিসি সেন্টারের পরিচালক প্রফেসর sung Yong kang. তিনি 'commemorating bangabandhu, the founding father of the people's Republic of Bangladesh: imagination and inspiration that bangabandhu throws on the Korean peninsula today' শিরোনামে তার বক্তব্য উপস্থাপন করেন। প্রফেসর sung Yong Kang তার আলোচনায় বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার স্বাধীনতা অর্জন ও মাতৃভাষা রক্ষার সংগ্রামের ইতিহাসের সাদৃশ্য তুলে ধরেন। তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর দর্শন ও উদ্যোগের কথা তুলে ধরেন এবং এর আলোকে কোরিয়ান উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন।
ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের সদস্য সচিব ও কিউরেটর নজরুল ইসলাম খান ও রাষ্ট্রদূত আবিদা ইসলাম। অনুষ্ঠানের পরবর্তী পর্বে জাতীয় শোক দিবস উপলক্ষে একটি অনলাইন আলোচনা সভার আয়োজন করা হয়।
রাষ্ট্রদূত আবিদা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়েবিনারে অংশ নেন কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকরা। আলোচনা অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও অবদানের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের প্রতি আলোকপাত করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com