shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

করোনা ভীতি জয়ে চাই কমিউনিটিভিত্তিক ঐক্য: কংগ্রেসওম্যান করটেজ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ সেপ্টেম্বর ২০২১, ০০:৪৬

করোনা ভীতি জয়ে চাই কমিউনিটিভিত্তিক ঐক্য: কংগ্রেসওম্যান করটেজ

কমিউনিটিভিত্তিক সম্প্রীতির বন্ধন সুসংহত করে করোনার ভীতি কাটিয়ে উঠার উদাত্ত আহ্বান জানালেন কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো-করটেজ। নতুন শিক্ষাবর্ষে নতুন ক্লাসে যাওয়া ছাত্র-ছাত্রীদের মধ্যে ‘ব্যাকপ্যাক’সহ স্কুল সামগ্রী এবং করোনায় বিপর্যস্ত মানুষের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, স্বাস্থ্যবিধি মেনে সকলকে ক্লাসে যেতে হবে। মনোবল শক্ত করে পরস্পরের সান্নিধ্যে আসতে হবে। আমেরিকা কখনো করোনার কাছে মাথানত করবে না। ব্রঙ্কস এবং কুইন্সের অভিবাসী সমাজের অকৃত্রিম বন্ধু হিসেবে উঠে আসা এই ডেমক্র্যাট প্রবাসী বাংলাদেশীদেরকেও অভিবাদন জানিয়েছেন বারবার তাকে বিজয় প্রদানের জন্যে। 

বাংলাদেশী আমেরিকান মোহাম্মদ এন মজুমদারের প্রতিষ্ঠিত ‘মজুমদার ফাউন্ডেশন’র উদ্যোগে গত রবিবার ব্রঙ্কসে পার্কচেষ্টার সাবওয়ের কাছে ডা. আতাউল চৌধুরী তুষারের চেম্বারের পার্কিং লটে দিনব্যাপী এ আয়োজনে পরিবারগুলোর মাঝে কমুউনিটি বোর্ড-৯ এর সৌজন্যে খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়। এ উপলক্ষে হাজারো প্রবাসীর সাথে ভিনদেশী মানুষও ছিলেন ‘ব্যাকপ্যাক’র দীর্ঘ লাইনে। মধ্যমণি ছিলেন মোহাম্মদ এন মজুমদার। এমন নি:স্বার্থ একজন মানুষকেও এলাকাবাসী গত নির্বাচনে সিটি কাউন্সিল আসনে বিজয় দেননি কেন সে প্রশ্ন অনেকের।

১৩ সেপ্টেম্বর নিউইয়র্কের স্কুল খুলবে এবং গত বছরের মার্চের পর এটাই হবে ক্লাসে যোগদানের প্রথম ঘটনা। করোনা মহামারির কারণে অন লাইনে ক্লাস এবং পরীক্ষাও হয়েছে। সশরীরে ক্লাস শুরু হচ্ছে-এ সংবাদে কোমলমতি ছাত্র-ছাত্রীরাও উৎফুল্ল। দীর্ঘদিন পর তারা ক্লাসমেটদের সাক্ষাৎ পাবে। স্কুল আঙ্গিনায় দৌড়-ঝাপ দিতে পারবে। ঘরের বাইরের পরিবেশকেও আবার আপন করতে সক্ষম হবে। এমনি একটি আমেজে সকলের মধ্যে বিনামূল্যে নতুন স্কুল ব্যাগ-সহ প্রয়োজনীয় সামগ্রি বিতরণের ঘটনাটি অভিভাবকরাও লোফে নিয়েছেন। কংগ্রেসওম্যান করটেজও শিশু-কিশোরদের হাতে তা তুলে দেয়ার আগে পছন্দের ব্যাগটি বাছাইয়ের অনুরোধ করেছেন সকলকে। সুশৃঙ্খলভাবে শিশু-কিশোর ও তাদের মা-বাবা-খালারা সবকিছু গ্রহণ করেছেন। সে সময় ওকাসিও করটেজ তার স্বভাবসুলভ ভঙ্গিতে শিশু ও তাদের অভিভাবকদের সঙ্গে উষ্ণ শুভেচ্ছা বিনিময় করেন ও তাদের ভালো মন্দের খোজ খবর নেন।

অপেক্ষমান শিশুদের বিনোদনের জন্য খেলাধুলা ও ডিজে মিউজিকের ব্যবস্থাও করা হয়। এর আগে অনুষ্ঠান কমিটির সদস্য সচিব শামীম মিয়ার সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আহবায়ক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট ভেনেসা, সিটি কাউন্সিল নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী উইলিয়াম রিভেরা, ইকনার সাব্বির গুল, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল, এটর্নী ব্রুস ফিশার, কম্যুউনিটি নেতা সিরাজ উদ্দিন সোহাগ, নজরুল হক, মঞ্জুর চৌধুরী জগলু, এ ইসলাম মামুন, ডা. সুবাস, মাহি আহমেদ প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।