স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫৬
অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণসহ বিভিন্ন দাবিতে স্পেনের রাজধানী মাদ্রিদে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রিদের প্লাজা কলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এ বিক্ষোভ করেন অভিবাসীরা।
গত শুক্রবার দুপুর ১২টায় মাদ্রিদের পাসিও দে কাস্তিয়ানো (প্লাজা কলন) এলাকায় দলে দলে অভিবাসীরা জড়ো হন। তারা ব্যানার ও ফেস্টুন নিয়ে সমাবেশে অংশ নেন। বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন- ‘সবাইকে নিয়মিত করা হোক’। যারা নিয়মিত ও যাদের কাগজপত্র আছে তারাও বিক্ষোভে একাত্মতা প্রকাশ করেন।
বিক্ষোভে বাংলাদেশি মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলাসহ ২৯টি বিভিন্ন দেশি ও স্প্যানিশ মানবাধিকার সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার অভিবাসী অংশ নেন।
এ ছাড়া আন্দোলনে অংশ নেন- মাদ্রিদ, বার্সেলোনা, মালাগা, ভ্যালেন্সিয়াসহ স্পেনের বিভিন্ন জায়গা থেকে আসা মানবাধিকার কর্মীরা। ইউরোপের ৬২১টি মানবাধিকার সংগঠন এর সঙ্গে একাত্বতা প্রকাশ করেন। বিক্ষোভকারীরা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
স্পেনে ১০ হাজার বাংলাদেশিসহ অবৈধ হয়ে পড়া অভিবাসীর সংখ্যা ২ লাখ। এসব অভিবাসীদের বেশিরভাগ বাংলাদেশ, পাকিস্তান, সিরিয়া, তিউনিসিয়া, আফগানিস্তান, ইরাক, নাইজেরিয়া, সেনেগাল, আলজেরিয়া, মরক্কো, লাথিন আমেরিকা, সোমালিয়া, তিব্বত ও আফ্রিকার।
বাংলাদেশি মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলার সভাপতি মোহাম্মদ ফজলে এলাহীসহ বিক্ষোভে উপস্থিত ছিলেন জুলহাস উদ্দীন, আল আমীম পালওয়ান, গিয়াস উদ্দিন, মো. সুমন আহমদ প্রমুখ।
মহামারি করোনাভাইরাসের কারণে ইউরোপের দেশগুলো ভীষণ ক্ষতিগ্রস্ত। এর মধ্যে ইতালি, স্পেন, পর্তুগাল, ফ্রান্স উল্লেখযোগ্য। আক্রান্ত দেশগুলোর মধ্যে অনেক দেশ ইতোমধ্যে অনিয়মিত অভিবাসীদের বৈধকরণের ঘোষণা দিয়েছে। স্পেনে বসবাসরত অনিয়মিত অভিবাসীরাও মনে করেছিলেন, অন্য দেশের মতো স্পেন সরকারও অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের ঘোষণা দেবে।
করোনায় সংকটকালীন স্পেনে অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের জন্য সরকারকে অনুরোধ জানানো হয়েছে। গত ১৯ মে স্পেনের সংসদ অধিবেশনে অবৈধ অভিবাসীদের বৈধতাকরণে একটি প্রস্তাবও উঠে।
মানবাধিকার সংগঠনগুলোর জানায়, বছরের পর বছর অবৈধ অভিবাসীরা ব্যবসাসহ বিভিন্ন ধরনের পেশায় নিয়োজিত থেকে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করে আসছেন। অথচ এসব অবৈধ অভিবাসীদের বৈধতা দিলে নিয়মিত সরকারকে ট্যাক্স প্রদানের মাধ্যমে স্পেনের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। অভিবাসীরা সবসময়ই স্পেনের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com