স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৬
সৌদি আরবে বিদেশি কর্মীদের আরও অধিকার ও সেবাদানের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে দেশটির সরকার। সোমবার (২৭ সেপ্টেম্বর) সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী সাত্তাম আল হারবী এ তথ্য জানান। দেশটির মানবসম্পদ রপ্তানিকারক দেশগুলোর অনানুষ্ঠানিক সংগঠন সৌদি লেবার ফোরামের বৈঠকে তিনি এ তথ্য জানান।
উপমন্ত্রী সাত্তাম আল হারবী বলেন, ‘সৌদি আরবের ভিশন-২০৩০ বাস্তবায়নে জোরেশোরে কাজ চলছে। বিদেশি কর্মীদের জন্য এদেশকে আকর্ষণীয় গন্তব্য হিসেবে তৈরি করতে নানামুখী উদ্যোগ নিয়েছে আমাদের সরকার। তবে অগ্রাধিকার পাচ্ছে তাদের অধিকার ও সেবার বিষয়টি।’
ওই দিন রিয়াদের স্থানীয় এক হোটেলে আয়োজিত বৈঠকে সংগঠনের আট সদস্য রাষ্ট্রের মিশন প্রধানরা উপস্থিত ছিলেন। এতে ফিলিপাইনের রাষ্ট্রদূত আদনান ভি আলোন্তো সভাপতিত্ব করেন। সেখানে মার্চ ২০২১-এ চালু করা লেবার রিফর্ম ইনিশিয়েটিভের বিষয়ে আলোচনা হয়।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী লেবার রিফর্ম ইনিশিয়েটিভ বাস্তবায়নে প্রবাসীকর্মীদের সমস্যা ও তা সমাধানে প্রস্তাব তুলে ধরেন।
তিনি বলেন, সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকরা যাতে প্রতারিত না হন এবং চাকরির চূক্তিতে উল্লেখিত শর্ত মানা হয়, সেটি দূতাবাসের কাছে মুখ্য বিষয়। অনলাইন চুক্তি নবায়ন করার ক্ষেত্রে কখনও কখনও স্পন্সররা জোর করে কর্মীদের বাধ্য করে। অধিকন্তু তা করতে রাজি না হলে তাদের ইচ্ছার বিরুদ্ধে এক্সিট ভিসা দেয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত এসব সমস্যা সমাধানে সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি সৌদি লেবার ফোরামের নিয়মিত বৈঠক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন, যাতে দেশটিতে প্রবাসীকর্মীদের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নেয়া যায়।
সভায় ভারত, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, শ্রীলংকা ও ভিয়েতনামের রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পরিপ্রেক্ষিতে সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী তা সমাধানের আশ্বাস দেন।
ফিলিপাইনের রাষ্ট্রদূত আদনান ভি আলোন্তো নিয়মিত এ ফোরামের সভা আয়োজনের আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com