জার্মানি প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২১, ১৫:৩৫
পবিত্র কোরআন ও ইসলাম ধর্ম অবমাননার জের ধরে দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে আগুন, লুটপাট ও সহিংসতার প্রতিবাদে জার্মানিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে সর্বস্তরের প্রবাসীরা। সমাবেশ থেকে অবিলম্বে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
গত ৮দিন ধরে পবিত্র কোরআন ও ধর্ম অবমাননার মিথ্যে অজুহাতে দেশের বিভিন্ন স্থানে দূর্গাপূজার শুরুর পর থেকে সংখ্যালঘু ও সনাতন সম্প্রদায়ের উপর অমানবিক নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে জার্মানির বিভিন্ন শহরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীরা। মানববন্ধনে বক্তারা দেশের সুদীর্ঘকালের সকল ধর্মের মধ্যে সম্প্রীতি বিনষ্টকারী ও সাম্প্রদায়িক হামলার প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
বার্লিনের ব্রান্ডেনবুর্গার গেটে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন প্রবাসী সংস্কৃতি সংগঠক খালিদ নোমান নমি, সৈয়দ বাবুল, জাহিদ কবীর হিমন, নজরুল রাসেল, শামান রহমান, সোহান সিরাজ, জ্যাক মিল্লাত, রাব্বী, আশিক ইশতিয়াকসহ আরো অনেকে। এসময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই অসাম্প্রদায়িক বাংলাদেশে মৌলবাদীরা কখনোই জায়গা করে নিতে পারবেনা। এসময় যেকোন মূল্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
এদিন জার্মানির রাজধানী বার্লিন ছাড়াও ফ্রান্কফুর্ট, হামবুর্গ, কোলনসহ আরো ৭টি শহরে প্রতিবাদ সমাবেশে সর্বস্তরের প্রবাসীরা উপস্থিত থেকে হামলাকারীদের তীব্র নিন্দা জানান।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com