অস্ট্রেলিয়া প্রতিনিধি ০৭ ডিসেম্বর ২০২১, ১৫:৫৬
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বিভিন্ন সিটি কাউন্সিল থেকে এবারে পাঁচজন বাংলাদেশি বংশদ্ভূত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ৪ ডিসেম্বর কাউন্সিলগুলোতে ভোটগ্রহণ করা হয়।
ক্যান্টারবেরী-ব্যাংকসটাউন এবং ক্যাম্বেলটাউন কাউন্সিলে বেশি সংখ্যক বাংলাদেশিদের বসবাস। এই দুটি কাউন্সিল থেকেই একজন করে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ক্যান্টারবেরী-ব্যাংকসটাউন কাউন্সিলের রোজল্যান্ড ওয়ার্ড থেকে প্রথম বাংলাদেশি মহিলা হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সাজেদা আক্তার। তার স্বামী মোহাম্মাদ জামান টিটু এই কাউন্সিলেরই কাউন্সিলর ছিলেন।
ক্যাম্বেলটাউন থেকে নির্বাচিত হয়েছেন মাসুদ চৌধুরী। তিনি পরপর দুইবার কাউন্সিলর নির্বাচিত হলেন। এছাড়া ক্যাম্বারল্যান্ড কাউন্সিল থেকে একজন মহিলা প্রার্থীসহ দুইজন বাংলাদেশি নির্বাচিত হয়েছেন। সমাজসেবিকা সাবরিন ফারুকী প্রথমবারের মত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। একই কাউন্সিল থেকে সুমন সাহা এই নিয়ে দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত হলেন।
সিডনি শহর থেকে বেশ দূরে ডাব্বো সিটি কাউন্সিলের সাউথ ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন শিবলী চৌধুরী। সেই কাউন্সিলের তিনিই প্রথম ইমিগ্রান্ট কাউন্সিলর। নির্বাচনের চূড়ান্ত ফলাফল আসতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। সরকারের সংবাদ সংস্থা এবিসি নিউজের দেয়া তথ্যমতে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল থেকে অন্তত আরও একজন বাংলাদেশির বিজয়ের সম্ভাবনা রয়েছে।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যটিতে ৫০ হাজারের বেশি বাংলাদেশি বসবাস করেন। এর মধ্যে বিভিন্ন কাউন্সিল থেকে ৫ জনের কাউন্সিলর নির্বাচিত হওয়াটা বেশ বড় সুখবর। অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের এই সাফল্যে কমিউনিটিতে সাধারণ মানুষ খুবই আনন্দিত।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com