বাহরাইন প্রতিনিধি ২২ মার্চ ২০২২, ১৪:২০
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানির সাথে ২০ মার্চ সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ ও বাহারাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কর্তৃক ডিসেম্বর ২০২১ সালে প্রেরিত ঢাকা সফরের আমন্ত্রণেরর বিষয়টি স্মরণ করিয়ে দেন এবং আমন্ত্রণপত্রের একটি কপি তাকে হস্তান্তর করেন। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর আমন্ত্রণপত্রটি আন্তরিকভাবে গ্রহণ করেন এবং শীঘ্রই ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেন।
রাষ্ট্রদূত ইসলাম কোভিডকালীন সময়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন অগ্রযাত্রার সাফল্যগাথা তুলে ধরেন। বিশেষ করে তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিক ঈর্ষণীয় হার, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা অর্জন এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সক্ষমতা অর্জনে বাংলাদেশের অভাবনীয় অগ্রগতির বিষয়ে আলোকপাত করেন।
করোনা পূর্ববর্তী সময়ে দেশে গিয়ে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া প্রায় ১০০০ প্রবাসীদের বাহরাইনে ফিরে আসতে পারছে না উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, এ বিষয়ে বাহরাইন সরকারের প্রাসঙ্গিক সকল কর্তৃপক্ষের কাছে একাধিকবার ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া প্রবাসীদের তালিকা প্রেরণ করা হয়েছে কিন্তু বিষয়টি এখনো সুরাহা হয়নি।
এছাড়া সাম্প্রতিককালে সাধারণ জনগণ, সরকারি কর্মকর্তা (সরকারি কাজে), এমনকি কূটনীতিকসহ তাদের পরিবার ভিসা পেতে জটিলতা হচ্ছে মর্মে উল্লেখ করে রাষ্ট্রদূত এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেন।
রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাহরাইন সরকার থেকে দূতাবাসের জন্য জমি পেলে বাংলাদেশ সরকার বাহরাইনে নিজস্ব জমিতে দূতাবাস নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে। এ পরিপ্রেক্ষিতে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসকে নিজস্ব জমি বরাদ্দ দেওয়ার বিষয়টি বাহরাইন সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে বলে বাহরাইন পররাষ্ট্র মন্ত্রী অবহিত করেন। রাষ্ট্রদূত তাকে বাংলাদেশে বাহরাইনের দূতাবাস স্থাপনের আহবান জানান। এছাড়া বাহরাইনের বাদশাহ কর্তৃক প্রদত্ত জমিতে বাংলাদেশ সরকারের অর্থায়নে বাংলাদেশ স্কুল বাহরাইনের নির্মাণ প্রকল্পের বিষয়ে রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রীকে অবহিত করেন এবং এ ব্যাপারে তার সহযোগিতা কামনা করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com