যুক্তরাজ্য প্রতিনিধি ০৯ এপ্রিল ২০২২, ১৪:১৭
যুক্তরাজ্যে ব্রিটিশ বাংলাদেশি স্কুলশিক্ষকা সাবিনা নেসা (২৮) হত্যার ঘটনায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার লন্ডনের কেন্দ্রীয় অপরাধ আদালত (ওল্ড বেইলি) এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম কোচি সেলামাজ (৩৬)। গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব লন্ডনের কিডব্রুক এলাকার একটি পার্কে সাবিনাকে হত্যা করেন তিনি।
সাবিনা দক্ষিণ-পূর্ব লন্ডনের লিউশামের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তার বাবার বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই গ্রামে।
গত বছরের ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে পেগলার স্কয়ারে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। এ সময় তিনি হামলার শিকার হন। পরদিন কিডব্রুক এলাকার একটি পার্কের ভেতরে তার লাশ পাওয়া যায়।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত সাবিনার মাথায় আঘাত করছেন কোচি সেলামাজ। সাবিনা অজ্ঞান হয়ে গেলে তাকে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টাও করেন। এরপর তাকে শ্বাসরোধে হত্যা করেন।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, কোচি সেলামাজ পূর্ব সাসেক্সের ইস্টবোর্নের একটি গ্যারেজে কাজ করতেন। গত বছরের ১৭ সেপ্টেম্বর তিনি লন্ডনে যান। তিনি আদালতের কাছে স্বীকার করেন, স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর তার মনে নারীর প্রতি আক্রোশ তৈরি হয়।
সাবিনা হত্যাকাণ্ডের কয়েক দিনের মধ্যেই কোচি সেলামাজকে গ্রেপ্তার করা হয়। গত ফেব্রুয়ারিতে তাকে দোষী সাব্যস্ত করেন আদালত। রায় ঘোষণার দিন আদালতে উপস্থিত হতে অস্বীকৃতি জানান তিনি। তার অনুপস্থিতিতেই আদালত রায় দেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com