স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২০ ডিসেম্বর ২০২২, ২৩:৪৭
ইতালিতে বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল মিলানের আয়োজনে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২২’ পালিত হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) কন্স্যুলেট অফিস মিলনায়তনে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
‘থাকবো ভালো, রাখবো ভালো দেশ; বৈধ পথে প্রবাসী আয়-গড়বো বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয় অভিবাসী দিবসের নানাবিধ অনুষ্ঠান। প্রতিবারের মতো এবারও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলানে অভিবাসীদের কন্স্যুলার সেবা দেওয়া হয়।
দিনটিতে আগত বিপুলসংখ্যক সেবাপ্রার্থীদের সঙ্গে কনস্যুলার ও পাসপোর্ট সেবা প্রদান বিষয়ে কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তাদের বিভিন্ন সমস্যার বিষয়ে মতবিনিময় করেন। উত্তর ইতালির বিভিন্ন শহর থেকে আগত অভিবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কনস্যুলার মিলনায়তন পরিণত হয়।
কনসাল জেনারেলের পক্ষ থেকে দিনটিতে আগত সেবাপ্রার্থীদেরকে চকলেট ও আন্তর্জাতিক অভিবাসী দিবস প্রতিপাদ্যের বিশেষ টি-শার্ট শুভেচ্ছা উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। দিবসটি উপলক্ষে কনসাল জেনারেলের অনুরোধে জনতা এক্সচেঞ্জ কোম্পানি এস. আর. এল-এর মিলানোস্থ শাখা কমিশন ফ্রি রেমিট্যান্স পাঠানোর সুযোগ প্রদান করে।
আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২২ কন্সুলার মিলনায়তনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কনস্যুলেটের শ্রম কনসাল সাব্বির আহমেদ এবং সার্বিক সহায়তা করেন দূতালায় প্রধান ও ভাইস কনসাল এ এস এম তাজ-উল ইসলাম।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে এবং কনসাল জেনারেল এম জে এইচ জাবেদের সভাপতিত্বে আলোচনা পর্ব শুরু হয়। অতঃপর আন্তর্জাতিক অভিবাসী দিবস- ২০২০ উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের প্রদত্ত বাণী পাঠ করে উপস্থিত সকলকে শোনানো হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনায় অংশ নেন এ বছর সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী বিজয়ীরা। বক্তরা কনস্যুলেটের পক্ষ থেকে দূরবর্তী অঞ্চলে সেবা পৌঁছে দেওয়া, পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসন ও প্রবাসীদের জন্য বাংলাদেশ সুযোগ-সুবিধা বৃদ্ধির সুপারিশ করেন।
সমাপনী বক্তব্যে কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ বাংলাদেশ থেকে ইতালিতে অভিবাসন প্রত্যাশীদের বৈধ ও নিরাপদ পথে আসা এবং কাগজপত্র বৈধ রাখার উপর গুরুত্বারোপ করেন।
এছাড়া বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক ব্যবস্থার বিষয়ে পরিপূর্ণ আস্থা রেখে প্রবাসীদেরকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর অনুরোধ জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে কনসাল জেনারেল বৈধপথে বাংলাদেশে নিয়মিত রেমিট্যান্স প্রেরণ ও রেমিট্যান্স প্রেরণে সহায়তা করার স্বীকৃতিস্বরূপ উত্তর ইতালির শীর্ষ ৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিশেষ পদক প্রদান করেন।
এবছর অভিবাসী দিবস উপলক্ষে উত্তর ইতালি হতে প্রতিষ্ঠান পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন শান্ত কল সেন্টার ডি আব্দুল গাফ্ফার এবং ব্যক্তি পর্যায়ে প্রথম স্থান লাভ করে মোহাম্মদ জামিল উদ্দিন। সম্মাননা প্রাপ্তরা তাদের কাজের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদানের জন্য কনস্যুলেটকে ধন্যবাদ জানান।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com