স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১০ মে ২০২৩, ১১:৪৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থীদের সংগঠন কানাডিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটির (কারু) আয়োজনে দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার (৭ মে) ড্যানফোর্থ এভিনিউ’র বাংলাদেশ সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই মিলনমেলায় কারুর সদস্যরা ‘মতিহার’ নামে পরিচিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণ করার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড উপস্থাপন করেন।
কারুর সাংস্কৃতিক সম্পাদক শিরীন আখতার এনার উপস্থাপনায় রাবির সাবেক শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন। তারা উল্লেখ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের মানস গঠনে অসামান্য ভূমিকা রেখেছে। এমন এক শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়ে তারা সব সময় গর্ব অনুভব করেন। সেই সঙ্গে তাদের ব্যক্তিজীবনে যে সাফল্য তারা অর্জন করেছেন তার প্রধানতম কারণ হচ্ছে, রাজশাহী বিশ্ববদ্যালয়ের মতো এক প্রকৃতি ঘেঁষা পরিবেশের মধ্যে তারা জ্ঞান অর্জন করেছেন।
১৯৫৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের দ্বিতীয় প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠানটি তাদের আত্মার সঙ্গে জড়িয়ে আছে। এর আলো-বাতাস এখনও তাদের সবার জীবনকে আলোকিত করে চলেছে। তারা প্রত্যয় ব্যক্ত করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন সকল সদস্য আজীবন এক পরিবারের সদস্য হিসেবে বেঁচে থাকবেন।
কারুর সভাপতি মোস্তাফিজ খান পাপ্পু এবং সাধারণ সম্পাদক সুমন জাফর মিলনমেলায় উপস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এমন এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্যে। তারা আশা প্রকাশ করেন, আগামীতে কানাডায় বসবাসরত আরও অধিক প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে কারু বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করবে।
অনুষ্ঠানে কারুর সদস্যরা নিজেদের হাতে তৈরি বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার পরিবেশন করে এবং সবাই মিলে এক পারিবারিক পরিবেশে উপভোগ করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com