স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৪ জুলাই ২০২৩, ১৭:০৩
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধে ইতিমধ্যে হেরে গেছেন। গতকাল বৃহস্পতিবার এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসটোর সঙ্গে এক সংবাদ সম্মেলনে বাইডেন আশা প্রকাশ করেন যে, কিয়েভের পাল্টা আক্রমণ মস্কোকে আলোচনার টেবিলে আনতে বাধ্য করবে।
এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কোনো বাস্তব সম্ভাবনা নেই এবং তিনি জোর দিয়ে বলেছেন, যুদ্ধ বছরের পর বছর ধরে টানা যাবে না।
চলতি সপ্তাহে ন্যাটো নেতারা জোটের শীর্ষ সম্মেলনে কিয়েভকে ন্যাটোতে অন্তর্ভুক্তির একটি টাইমলাইন দিতে ব্যর্থ হয়েছে। তবে ন্যাটোর নতুন সদস্য ফিনল্যান্ড সফরকালে বাইডেন প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ইউক্রেন একদিন এই জোটে যোগদান করবে।
এদিন সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ‘পুতিন ইতিমধ্যেই যুদ্ধে হেরে গেছেন। পুতিনের একটি বাস্তব সমস্যা রয়েছে। ইউক্রেনের যুদ্ধে তার জয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই।’
ন্যাটোতে ইউক্রেনকে এখন না নেওয়ার প্রসঙ্গে বাইডেন বলেন, যুদ্ধ চলাকালীন কোনো দেশ ন্যাটোর সদস্য হতে পারে না, ইউক্রেনের এখন যোগদানের অর্থ হবে ‘তৃতীয় বিশ্বযুদ্ধে’ জড়ানো। বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন, কিয়েভ একদিন এই ক্লাবে যোগ দেবে।
বাইডেন আরও বলেন, ‘তাদের যোগদান করা উচিত বা করা উচিত কিনা তা নিয়ে নয়। বরং তারা কখন যোগদান করতে পারে এবং তারা ন্যাটোতে যোগদান করবে তা নিয়েই কথা।’
অন্যদিকে পুতিন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনকে যদি ন্যাটোতে সদস্যভুক্ত করা হয় তবে এটি ‘সাধারণভাবে বিশ্বকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তুলবে’ এবং বিশ্বব্যাপী উত্তেজনা বাড়াবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com