স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৩ আগস্ট ২০২৩, ১১:১১
দুই বাংলার জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিমা রায় নিউইয়র্কে এসেছিলেন ৩২তম বইমেলায় অতিথি হয়ে। চার দিনব্যাপী বইমেলায় শ্রোতারা তার গান শোনার অপেক্ষায় ছিলেন। বইমেলার মঞ্চের অনুষ্ঠানে তিনি মাত্র তিনটি গান পরিবেশনের সুযোগ পেয়েছিলেন। ফলে দর্শকশ্রোতারা ছিলেন অতৃপ্ত। কিন্তু শোটাইম মিউজিকের একক সঙ্গীতসন্ধ্যায় সেই অতৃপ্তি কাটিয়ে দিলেন অনিমা রায়। অনুষ্ঠানে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি।
২৮ জুলাই শুক্রবার রাতে নিউইয়র্কের জ্যামাইকায় আশা পার্টি হলে অনিমা রায়ের একক সঙ্গীতানুষ্ঠানে রবীন্দ্রপ্রেমীরা শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করেন প্রিয়শিল্পীর কণ্ঠে গান। অনুষ্ঠানে অনিমা রায় নিজের পছন্দে এক ডজনেরও বেশি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো তার গান উপভোগ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম বলেন, অনিমা রায় দুই বাংলার জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী। এই গুণী শিল্পীর একক সঙ্গীতসন্ধ্যার আয়োজন করতে পেরে শোটাইম মিউজিক গর্বিত।
অনুষ্ঠানে শিল্পী অনিমা রায়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানের সহ-আয়োজক আশা হোমকেয়ারের কর্ণধার আকাশ রহমান ও সেলিম বিরিয়ানি হাউজের কর্ণধার মোহাম্মদ সেলিম।
অনুষ্ঠান শেষে বক্তব্য দেন বিশিষ্ট চিকিৎসক চৌধুরী সারোয়ারুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, রিয়েল এস্টেট ব্যবসায়ী আলী চৌধুরী, আশা হোমকেয়ারের চেয়ারম্যান এশা রহমান ও সিইও আকাশ রহমান প্রমুখ।
উল্লেখ্য, অনিমা রায় একজন বাংলাদেশি রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগের অধ্যাপনা করছেন। রবীন্দ্রসঙ্গীতের ওপর তার ছয়টি অ্যালবাম বের হয়েছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com