স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৭ আগস্ট ২০২৩, ১২:৩১
সংযুক্ত আরব আমিরাতের দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (৫ আগস্ট) দুবাই কনস্যুলেটের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সভার শুরু আগে কনস্যুলেট প্রাঙ্গণে বঙ্গবন্ধু কর্নারের হল রুমে ফুল দিয়ে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কনস্যুলের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বাংলাদেশ বিমান এবং জনতা ব্যাংকের প্রতিনিধি, বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, বাংলাদেশ স্কুলের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিবৃন্দসহ প্রবাসী বাংলাদেশী কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কনস্যুলেটের সিনিয়র কর্মকর্তাগণ।
আলোচনায় বাংলাদেশের উন্নয়নে শেখ কামালের অবদানের কথা তুলে ধরে বক্তরা বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার অভিযাত্রায় তার প্রদর্শিত পথ, আদর্শ এবং দিক-নির্দেশনা আজও এক অনুকরণীয় মডেল।
কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, বহুমাত্রিক প্রতিভার অধিকারী শহিদ ক্যাপ্টেন শেখ কামাল বাংলাদেশের সকল স্বাধিকার আন্দোলনে অংশগ্রহণসহ মহান মুক্তিযুদ্ধেও অন্যতম সংগঠক হিসেবে ছাত্রসমাজকে সংগঠিত করার মহান দায়িত্ব পালন করেছিলেন।
তিনি আরও বলেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ ক্রীড়াঙ্গন, তারুণ্যদীপ্ত ও সাংস্কৃতিক অঙ্গনে শেখ কামালের অবদান অনস্বীকার্য।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল শহিদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com