shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

ইসরায়েলের নাগরিকদের মালদ্বীপ ভ্রমণ না করার নির্দেশ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ অক্টোবর ২০২৩, ২৩:৩৪

.

ইসরায়েলি ভ্রমণকারীদের জন্য দ্বীপরাষ্ট্র মালদ্বীপ অনিরাপদ বলে মনে করা হচ্ছে। মালদ্বীপ ফিলিস্তিনকে সমর্থন করায় মালদ্বীপে নিজ নাগরিকদের ভ্রমণ না করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় মালদ্বীপকে ইসরায়েলিদের জন্য ‘অনিরাপদ’ বলে উল্লেখ করা হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক অভিযান চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই অভিযানের পর নতুন করে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত শুরু হয়, যা ১৫ দিন ধরে অব্যাহত রয়েছে। এরইমধ্যে ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানানো দেশগুলোতে নিজ নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে ইসরায়েল। তারই ধারাবাহিকতায় মালদ্বীপ ভ্রমণে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, হামাসকে অর্থায়ন করছে মালদ্বীপ। বিপুল পরিমাণ অনুদান সংগ্রহ করে মালদ্বীপ ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে, এমন খবর সামনে আসার পরই ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। বিশ্বের বেশিরভাগ দেশের মতোই মালদ্বীপ বারবার ইসরায়েলকে ফিলিস্তিনি ভূখণ্ডের দখলদারিত্ব বন্ধ করতে এবং ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে আসছে।

৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটির বৈঠক চলাকালেও মালদ্বীপের প্রতিনিধিরা বলেছেন, ফিলিস্তিনের জনগণকে ক্রমাগত চাপের মধ্যে রেখে তাদের অস্তিত্ব ও পরিচয় মুছে ফেলার অন্তহীন চক্রের মধ্যে ঠেলে দিচ্ছে ইসরায়েলি বাহিনী।

এছাড়া, ফিলিস্তিনে শান্তি ও নিরাপত্তার পক্ষে মালদ্বীপের দৃঢ় অবস্থান জানানোর পাশাপাশি দেশটির প্রতিনিধিরা গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। সেই সঙ্গে বেসামরিক নাগরিক ও অবকাঠামো রক্ষার জন্য জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানান।

২০১৪ সালে সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুমের প্রশাসনের সময় মালদ্বীপ প্রথম ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেয়। গাজায় ইসরায়েল সামরিক অভিযান শুরু করার পর সমস্ত অর্থনৈতিক সহযোগিতাও বাতিল করেন তিনি। বর্তমান প্রশাসনও তার সেই সিদ্ধান্ত বহাল রেখেছে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ ঘোষণার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে মালদ্বীপ। এছাড়া, উত্তর গাজার ১০ লাখেরও বেশি বেসামরিক লোককে দক্ষিণে স্থানান্তরিত করার ইসরায়েলি নির্দেশ প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছে দ্বীপ রাষ্ট্রটি। পাশাপাশি মানবিক সহায়তা দেওয়ার জন্য অবরোধ তুলে নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।