স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৯ নভেম্বর ২০২৩, ২৩:০৩
মালয়েশিয়ার রাজা সুলতান হাজী আহমদ আল-মুস্তাই-ইন বিল্লাহর কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।
বুধবার (৮ নভেম্বর) মালয়েশিয়ার রাজার রাজদরবার ইস্তানা নেগারাতে বাংলাদেশের হাইকমিশনার তার পরিচয়পত্র পেশ করেন।
পরে হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে উষ্ণ অভিনন্দন জানান মালয়েশিয়ার রাজা। এসময় দায়িত্ব পালনকালে হাইকমিশনারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এসময় মালয়েশিয়া রাজার কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন হাইকমিশনার। মালয়েশিয়ার রাজাও বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
হাইকমিশনার দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মালয়েশিয়ার রাজা দুই দেশের মধ্যে বিদ্যমান ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও পর্যটন বৃদ্ধিসহ অন্যান্য ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতায় সন্তোষ জানান। পাশাপাশি সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত করাসহ দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।
পরিচয়পত্র পেশ করার আগে রাজদরবারের ‘প্রেস্টিজ গার্ড’ হাই কমিশনারকে আনুষ্ঠানিকভাবে স্যালুট জানায়।
অনুষ্ঠান শেষে অন্যান্য রাষ্ট্রদূতের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগদান করেন হাইকমিশনার। এসময় যৌথ আলোচনায় হাইকমিশনার দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতিদানকারী প্রথম দেশ হিসেবে মালয়েশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি মালয়েশিয়া সরকারকে বাংলাদেশিদের বিপুল সংখ্যক কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্যও ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মালয়েশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী দাতুক মোহাম্মদ বিন আলামিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল দাতো সেরি আমরান বিন মোহাম্মদ জেইন, মালয়েশিয়ার পররাষ্ট্র
মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান, রাজদরবারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বর্তমানে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চার বিলিয়ন ডলারের বেশি এবং মালয়েশিয়া বাংলাদেশে অষ্টম বৃহত্তম বিনিয়োগকারী দেশ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com