স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৪ নভেম্বর ২০২৩, ২০:০১
প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় মালয়েশিয়ায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) কুয়ালালামপুরে হোটেল রয়েল চুলানে বাংলাদেশ হাইকমিশন দিনটি উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে আমন্ত্রণবঞ্চিত বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালয়েশিয়া শাখার নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, দুই জন সংসদ সদস্যসহ তৎকালীন মালয়েশিয়ায় নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীরের উপস্থিতিতে একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ ও শেখ হাসিনা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের মাধ্যমে নতুন কমিটি ঘোষিত হয়। এরপর থেকে বঙ্গবন্ধু ফাউন্ডেশন প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরকম একটি সংগঠনকে রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানো সত্যি লজ্জাজনক ও হতাশার।
প্রসঙ্গত, সশস্ত্র বাহিনী দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার নৌ বাহিনীর ডেপুটি চিফ ভাইস এডমিরাল দাতো জুলহেলমি বিন ইথনাইনসহ ৩০টি দেশের প্রতিরক্ষা উপদেষ্টা, মালয়েশিয়া সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তা।
এ ছাড়াও, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ আ.লীগসহ সহযোগী অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী আমন্ত্রণ পেলেও অদৃশ্য কারণে দাওয়াত পায়নি বঙ্গবন্ধু ফাউন্ডেশন, মালয়েশিয়া শাখা।
সভাপতি আব্দুল রউফ লিটন বলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন একটি সামাজিক ও সেবামূলক সংগঠন হয়ে আমন্ত্রণবঞ্চিত হওয়া লজ্জাজনক। যারা এ সমস্ত ঘৃণ্য কাজের সঙ্গে যুক্ত, তাদের ধিক্কার জানাই।
সিনিয়র সহ সভাপতি আব্দুল বাতেন বলেন, ‘মর্গে থাকা লাশ ও জেলের সাজা শেষ হওয়া’ বাংলাদেশিদের ফ্রি বিমান টিকিট দিয়ে দেশে পাঠানোর মত সেবামূলক কাজ করে যাওয়া সংগঠনের বিরুদ্ধে এ ধরনের আচরণ সত্যি হতাশার। এরকম স্বজনপ্রীতি মেনে নেওয়া কষ্টকর।
সহ সভাপতি মো. খাইরুল ইসলাম বলেন, সাধারণ প্রবাসীরা দাওয়াত পেলেও, বঙ্গবন্ধু ফাউন্ডেশন না পাওয়াটা অপমানজনক।
এ বিষয়ে দূতাবাসের বক্তব্য জানতে চাইলে ভিসা কাউন্সেলর জি এম রাসেল রানা বলেন, এখানে বক্তব্য দেওয়ার কী আছে? দূতাবাস যাকে মনে করবে, তাকে দাওয়াত দেবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com