প্রধানমন্ত্রীর নির্দেশে সৌদি এসপিএ’র সঙ্গে বাসস’র সমঝোতা স্মারক

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর রিয়াদে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যসচিব আবদুল মালেক বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমেই সৌদি আরবের রাষ্ট্রীয় প্রেস এজেন্সির সাথে বাসস’র সমঝোতা স্মারক স্বাক্ষর সম্ভব হযেছে।
তিনি বলেন, আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর করার প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে এখন অত্যন্ত জনপ্রিয়।
আব্দুল মালেক আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ১৯৭২ সালে নিজের হাতে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র গোড়াপত্তন করেন। যার বয়স এখন ৪৯ বছর। সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশে সাংবাদ বা তথ্য আদান প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যার নির্দেশে সৌদি আরবের সঙ্গে এই সমঝোতা স্মারক স্বাক্ষর।
তিনি আরো বলেন, সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক আগের তুলনায় এখন অনেক বেশি সৌহার্দ্যপূর্ণ। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের সাংবাদিকরা এদেশে আসবে এবং এদেশের সাংবাদিকরাও বাংলাদেশে যাবে যারফলে, দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরো বেশি সম্প্রসারিত হবে।
তথ্যসচিবের সাথে সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন- বাসস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, দূতাবাসের মিশন উপপ্রধান ড. মো. নজরুল ইসলাম, কার্যালয় প্রধান ড. ফরিদউদ্দিন আহমেদ, শ্রম কাউন্সেলর মেহেদী হাসান, প্রেসউইং-এর প্রথম সচিব মো. ফখরুল ইসলাম এবং আরো অনেকে।
বাসস প্রধান আবুল কালাম আজাদ সৌদি আরব এবং বাংলাদেশের সংবাদ সংস্থার বয়স প্রায় একই উল্লেখ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালে ক্ষমতায় এসে বাংলাদেশকে ডিজিটাল করা হবে ঘোষণা দিলে ওই সময় অনেকে হাসাহাসি করেছিল। কিন্তু তাঁর সুদক্ষ নেত্রীত্বে বাংলাদেশ আজ সত্যিকারভাবে ডিজিটালে পরিণত হচ্ছে।
আজাদ বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্ব আজ বিশ্ব দরবারে গুরুত্বের সাথে বিবেচিত। তাঁর সেদিনের ডিজিটাল বাংলাদেশ ঘোষণা বাস্তবায়নের পথ ধরেই কেবল আজকের এই চুক্তি সম্ভব হযেছে।
তিনি আরো বলেন, সৌদি আরবে প্রায় ২১ লক্ষ প্রবাসীর খবরাখবর তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে এই চুক্তি আরো বেশি ভুমিকা রাখবে বলে আমরা মনে করি।
দূতাবাসের মিশন উপপ্রধান ড. নজরুল ইসলাম এই সমঝোতা স্মারক স্বাক্ষরকে সময়ের ডিজিটাল উত্তোরিত বাংলাদেশকে বহির্বশ্বে আরো বেশি গুরুত্বপূর্ণ করে তুলবে বলে অভিহিত করেন।
প্রসঙ্গত, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ফ্রান্সের সংবাদ সংস্থা (এএফপি), রাশিয়ার (তাস), চীনের (সিনহুয়া) এবং ভারতের (পিটিআই)সহ বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রীয়ভাবে সংবাদ বিনিময় করে থাকে।
২০১৮ সালের ২৯ জানুয়ারি সৌদি-বাংলাদেশের গণমাধ্যমের সর্ম্পক উন্নয়নে সৌদি তথ্যমন্ত্রী ড. আওয়াদ সালেহ আল-আওয়াদ এবং বাংলাদশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর দ্বিপাক্ষিক বৈঠকে এ ধরণের সমঝোতা স্মারক স্বাক্ষরের আশ্বাস নির্ধারিত হয়। ওই বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহও উপস্থিত ছিলেন।