জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে বর্ষবরণ

সৌদি আরবের জেদ্দায় পহেলা বৈশাখ উদযাপনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪২৬ সালকে বরণ করা হয়েছে। জাতীয় কর্মসূচির আলোকে সার্বজনীনভাবে যথাযোগ্য মর্যাদায় আয়োজনে ছিল কনস্যুলেট জেনারেল জেদ্দা।
কনস্যুলেট জেনারেলে তরুণ-তরুণীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণ। আনন্দ ভাগাভাগিতে বাদ যায়নি শিশু-বৃদ্ধরাও। সব শ্রেণির মানুষের পদচারণায় মুখরিত এ অনুষ্ঠানে দেখলে মনে হবে যেন প্রবাসের বুকে একখণ্ড বাংলাদেশ। বৈশাখী সাজে পুরো এলাকা সেজেছে এক নতুনের আমেজে।
মূল অনুষ্ঠানে কনসাল জেনারেলের পত্নী সাবরিনা নাহরিন পিঠা উৎসব উদ্বোধন করেন। পরে কনসাল সালাউদ্দিন আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত কনসাল জেনারেল আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ষ্টাফ পরিচালিত একটি স্টল ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা শাখা এবং ইংরেজি শাখার ২টি স্টল অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বাঙালি বৈশাখী খাবার, নাটক, যাদুর পেঠরা খেলা, সমবেত সঙ্গীত, নাচ, কবিতা আবৃতি, এইখানে বেড়ে ওঠা বাঙালি কচি কাচাদের কবিতা আবৃতি, নাচ, গল্প, দ্বৈত ও দলীয় নৃত্য, একক নৃত্য এবং আরো অনেক কিছু। এছাড়াও বাংলাদেশি বিরিয়ানি, গ্রাম বাংলার বিভিন্ন পিঠা,পায়েস, ফালুদা, লাচ্ছি, মিষ্টান্ন, ঝাল মুড়ি দিয়ে দর্শনার্থীদের আপ্যায়ন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এর কর্মকর্তা/কর্মচারী, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা ও ইংরেজি শাখার ছাত্র-ছাত্রী, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, বাংলাদেশী কমিউনিটির ফোরামের নেতৃবৃন্দ, পেশাজীবী, ব্যবসায়ী, এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। সন্ধ্যায় কনস্যুলেট ভবনে আলোকসজ্জা করা হয়।