স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৬
অবশেষে ক্রিকেটার নাসির হোসাইন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে মামলা করা হয়েছে। তালাকনামা ছাড়া অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তামিমার আরেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে এ মামলা করেন।
রাকিবের আইনজীবী ইশরাত হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, আদালত ‘তামিমা সুলতানার স্বামী’ রাকিব হাসানের জবানবন্দী গ্রহণ করেছেন এবং বিষয়টি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত। মার্চের ৩০ তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে পিবিআইকে।
প্রসঙ্গত, রাকিব তামিমা সুলতানাকে তার স্ত্রী দাবি করে গত কয়েকদিন ধরে গণমাধ্যমে কথা বলে আসছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে। আবার গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার একটি রেস্তোঁরায় এক অনুষ্ঠানে তামিমা সুলতানা ও নাসির হোসেন বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
মামলার আবেদনে বলা হয়েছে, রাকিব হাসান ও তামিমা সুলতানা ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তিন লাখ এক টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পরবর্তীকালে তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয়, যার বয়স এখন আট বছর। পেশায় কেবিন ক্রু তামিমা সুলতানা ১০ মার্চ সৌদি আরবে গিয়ে করোনার কারণে আর দেশে ফিরতে পারেননি। তবে এ সময়েও রাকিবের সাথে তার যোগাযোগ ছিল বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়।
ইশরাত জাহান বলেন, গত ১৪ ফেব্রুয়ারি নাসির হোসেন ও তামিমা সুলতানার ‘কথিত বিবাহের’ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা বাদীর নজরে আসে উল্লেখ করে মামলার আবেদনে বলা হয় বাদী এ ছবি দেখে হতবাক হয়ে যান।
মামলায় বলা হয়, ‘১নং আসামি (তামিমা সুলতানা) বাদী (রাকিব হাসান) এর সাথে বিবাহের সম্পর্ক চলমান থাকাবস্থায় ২নং আসামি (নাসির হোসেন)র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন’।
তবে ক্রিকেটার নাসির হোসেন বা তার সদ্য বিবাহিত স্ত্রীর দিক থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে থানায় একটি জিডি করেছিলেন রাকিব হাসান।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com